ওলামা দল সভাপতিসহ ৬ জন রিমান্ডে
শেরপুর জেলা ওলামা দলের সভাপতিসহ ছয় নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য রোববার দুই দিনের হেফাজতে দিয়েছে আদালত।
জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতের এসআই মো. আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কর্মকর্তা সাত দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করেন।
শুনানি শেষে বিচারক মো. সেলিম মিয়া দুই দিনের হেফাজত মঞ্জুর করেন।
আসামিরা হলেন, ওলামা দলের সভাপতি আব্বাছ আলী, বাজিতখিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নুরুল আমিন, নুরুল ইসলাম, নুরুল আলম, নজরুল ইসলাম ও খাইরুল ইসলাম।
তবে পরীক্ষার্থী হওয়ায় শেরপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের ছাত্র শিবিরকর্মী আব্দুল মমিনের রিমান্ড আবেদন নাকচ করে আদালত।
অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের রায়কে সামনে রেখে শেরপুরে সন্ত্রাস ও নাশকতাবিরোধী বিশেষ অভিযানে শুক্র ও শনিবার তাদের আটক করা হয়েছিল।
পরে আটকদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা করে পুলিশ।
