চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের জেল-জরিমানা
অনিয়মের অভিযোগে চাঁদপুর শহরে রোববার একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং আরেকটিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সিলগালা করা ডায়াগনস্টিক সেন্টারের এক টেকনিশিয়ানকে ছয় মাসের কারাদণ্ডও দেয়া হয়।
এছাড়া আরো কয়েকটি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেছে এই আদালত।
দুপুর থেকে বিকাল পযর্ন্ত জেলার নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান খান এই অভিযান পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, চাঁদপুর জেনারেল হাসপাতালের সামনে অবস্থিত আজাদ এক্স-রে অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের জাল স্বাক্ষর, ভুল রিপোর্ট, মেয়াদ্দোত্তীর্ণ ইঞ্জেকশন পাওয়া যায়।
তাই ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়া হয়।
একই প্রতিষ্ঠানের টেকনিশিয়ান মো. মোস্তফা কামালের (৪০) প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়, বলেন সাইদুজ্জামান।
একইদিন শহরের কালী বাড়ি এলাকায় নানা অনিয়মের অভিযোগে দি মুক্তি প্যাথলজি এক্স-রে ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা আদায় করা হয় বাসস্ট্যান্ড এলাকার মিষ্টির দোকান রসের হাঁড়ি থেকে সাত হাজার টাকা, বিক্রমপুর সুইটস থেকে সাত হাজার টাকা, মুসলিম সুইটস থেকে সাত হাজার টাকা।
পালবাজারের শাহ ব্রাদার্স চালের দোকান থেকে তিন হাজার টাকা, দুটি মাংসের দোকান থেকে যথাক্রমে দুই হাজার ও চার হাজার টাকা, মাছের দোকান থেকে পাঁচশ’ টাকা আদায় করা হয়।
ওজনে চাল কম দেয়া, চালের দোকানে মূল্য তালিকা না রাখা এবং মিষ্টির দোকানে বিএসটিআই এর লাইসেন্স না থাকার অভিযোগে এসব জরিমানা করা হয় বলে জানান আদালতের ম্যাজিস্ট্রেট।
