২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল: এইচএসসির বিষয়ে সিদ্ধান্ত সোমবার

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের মঙ্গল ও বুধবারের হরতালে এইচএসসি পরীক্ষা হবে কি না, সে সিদ্ধান্ত হবে সোমবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 12:46 PM

Updated : 25 Apr 2022, 06:38 PM

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম রোববার সন্ধ্যায় এই তথ্য জানান।

শীর্ষ নেতাদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

হরতাল ডাকার পর ১০ লাখ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে পরীক্ষা নিয়ে উৎকণ্ঠা দেখা দেয়। তাদের অনেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে টেলিফোন করেও পরীক্ষার বিষয়ে জানতে চান।

এরপর শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা সোমবার এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

হরতালের কারণে চলমান এইচএসসি ও সমমানের দুই দিনের পরীক্ষা পেছানো হয়। এর ফলে পিছিয়ে গেছে ১৭টি বিষয়ের পরীক্ষা।

মঙ্গল ও বুধবার এইচএসসি ও সমমানের ১১টি বিষয়ের পরীক্ষা রয়েছে।

২৩ এপ্রিল আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে সকালে প্রকৌশল অঙ্কন ও ওয়ারকশপ প্র্যাকটিস প্রথম পত্র, সমরবিদ্যা (তত্ত্বীয়) প্রথম পত্র, গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়) প্রথম পত্র এবং বিকালে পরিসংখ্যান প্রথম পত্র, সাধারণ বিজ্ঞান এবং খাদ্য পুষ্টি বিজ্ঞান প্রথম পত্র (রসায়ন), সাধারণ বিজ্ঞান প্রথম পত্র (জীববিজ্ঞান) ও ক্রীড়া প্রথম পত্রের পরীক্ষা রয়েছে।

এছাড়া কারিগরি বোর্ডের অধীনে মঙ্গলবার এইচএসসি ভোকেশনালে রসায়ন বিজ্ঞান-২, ডিপ্লোমা ইন কর্মাসে প্রডাকশন প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড কষ্টিং (একাদশ/পরিপূরক) এবং এইচএসসি ব্যবসায় ব্যস্থাপনায় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (দ্বাদশ) পরীক্ষা আছে।

এছাড়া ২৪ এপ্রিল এইচএসসিতে মনোবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা নির্ধারিত রয়েছে।

বিএনপি-জামায়াতের হরতালের কারণে চলতি বছর পাঁচ দিনের এসএসসি পরীক্ষা পেছাতে হয়।এর ফলে মোট ৩৭টি বিষয়ের পরীক্ষা পেছাতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

পুরনো খবর:

উৎকণ্ঠায় এইচএসসি পরীক্ষার্থীরা