সংসদ অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
বিরোধী দলের অনুপস্থিতিতেই নবম জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন শুরু হয়েছে, যা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
রোববার বিকেল সাড়ে পাঁচটায় ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।
এর আগে চলতি বছরের এই দ্বিতীয় অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ৩০ এপ্রিল পর্যন্ত তা চালানোর সিদ্ধান্ত হয়।
সে হিসেবে বছরের দ্বিতীয় এই অধিবেশনের মেয়াদ হচ্ছে আট কার্যদিবস।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদ ও কার্যসূচি নির্ধারণে বিকেল সাড়ে ৪টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী। কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে ছিলেন।
বৈঠকের শুরুতে রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমানের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
কমিটির সদস্য প্রধান হুইপ মো. আবদুস শহীদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, মো. ফজলে রাব্বী মিয়া, মো. রহমত আলী, রাশেদ খান মেনন, আব্দুল মতিন খসরু এবং আইনমন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম বৈঠকে অংশ নেন।
কমিটির বৈঠকে প্রতিদিন বিকেল সোয়া পাঁচটা থেকে অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।
সংসদের এই অধিবেশনেই নির্বাচিত করা হবে নতুন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদে ভোট হবে আগামী ২৯ এপ্রিল।
বিকেল সাড়ে পাঁচটায় সংসদ অধিবেশন শুরু হলেও প্রধান বিরোধী দল বিএনপি ও তার শরিকদের জন্য নির্ধারিত আসনগুলো ফাঁকাই থাকে।
টানা ৮৩ কার্যদিবস অনুপস্থিতির পর সর্বশেষ গত বছরের ১৮ মার্চ সংসদে এসেছিল বিএনপি। এরপর থেকে টানা ৭৫ কার্যদিবস অনুপস্থিত রয়েছেন তারা।
অধিবেশনের শুরুতে স্বাগত বক্তব্যে বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে শওকত আলী বলেন, “বিরোধীদল সংসদে এসে সরকারের গঠনমূলক সমালোচনায় অংশগ্রহণ করলে সরকারের সঠিক পথে চলার পক্ষে সহায়ক হবে। সুতরাং বিরোধীদলের প্রতি আমার আহ্বান রইল আপনারা সংসদে এসে যে কোন বিষয়ে কথা বলুন, গঠনমূলক সমালোচনায় অংশগ্রহণ করে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে আপনাদের সক্রিয় ভূমিকা রাখুন।"
সংসদ পরিচালনায় বিরোধী দলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন আবদুল হামিদের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করা শওকত আলী।
তিনি বলেন, “জনগণ এই মহান সংসদে আমাদের পাঠিয়েছেন জনগণের পক্ষে কথা বলার জন্য এবং জনগণের শাসন নিশ্চিত করার জন্য। সুতরাং মহান সংসদে এসে সংবিধান এবং কার্যপ্রণালী-বিধি অনুসরণপূর্বক কথা বলে জনগণের অধিকার নিশ্চিত করা প্রত্যেক সংসদ-সদস্যের পবিত্র দায়িত্ব।”
স্বাগত বক্তব্যের পর এই অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন শওকত আলী।
সংসদের এ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন- খান টিপু সুলতান, এবিএম ফজলে করিম চৌধুরী, শাহিন মনেয়ারা হক, জাফরুল ইসলাম চৌধুরী এবং হাফিজ উদ্দিন আহম্মদ।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে তালিকায় থাকা অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।
