২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

বর্ধিত মজুরি পরিশোধের আশ্বাসের প্রেক্ষিতে ১৬ দিন পর ধর্মঘট প্রত্যাহার করেছে নৌযান শ্রমিকেরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 07:30 AM

Updated : 23 Aug 2022, 10:36 AM

ধর্মঘট প্রত্যাহারের পর রোববার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরসহ বিভিন্ন ঘাটে লাইটারেজ জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়েছে।

শনিবার রাতে লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও নৌযান শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের সাথে জাহাজ মালিকদের বৈঠকের পর শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাজ মালিকেরা বর্ধিত ২০ শতাংশ মজুরি এ মাস থেকে পরিশোধের আশ্বাস দেয়ার পর আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।

একইসাথে শ্রমিকদের সব বকেয়া পরিশোধ করা হবে বলেও জাহাজ মালিকরা আশ্বস্থ করেছে বলে তিনি জানান।

রোববার সকাল থেকেই লাইটারেজ জাহাজ (ছোট জাহাজ) থেকে শ্রমিকরা পণ্য খালাস শুরু করেছে বলেও জানান তিনি।

নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার হওয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরেও মাদার ভ্যাসেল (বড় জাহাজ) থেকে পণ্য ছোট জাহাজে খালাস কার্যক্রম শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

গত ৪ এপ্রিল গভীর রাত থেকে নৌযান শ্রমিকরা তাদের বর্ধিত ২০ শতাংশ মজুরি প্রদান এবং নৌপথে শ্রমিকদের নিরাপত্তা প্রদানের দাবিতে ধর্মঘট শুরু করে।

এতে করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর, কর্ণফুলী নদীর ষোলটি ঘাটসহ দেশের বিভিন্ন এলাকায় নৌপথে পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়।

গত ১১ জানুয়ারি জাহাজ মালিকরা বেতন বাড়ানোর ঘোষণা দিলেও তিনমাসেও তা কার্যকর হয়নি বলে শ্রমিকদের অভিযোগ।