রাজশাহীতে ঢিলেঢালা হরতাল
আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে রাজশাহীতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে ঢিলেঢালাভাবে।
সকাল সাতটার দিকে নগরীর হোসনিগঞ্জ মোড় থেকে বিএনপির বিশেষ সম্পাদক ও জেলার সভাপতি নাদিম মোস্তফার নেতৃত্বে এবং কাদিরগঞ্জ মোড় থেকে দলের যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনুর নেতৃত্বে হরতালের সমর্থনে দু'টি মিছিল বের হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন বলেন, মিনু ও নাদিমের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। যেহেতু দুইটি মিছিলই এক দিকে যাচ্ছিল তাই বিশৃঙ্খলার আশংকায় তাদের বাধা দেয়া হয়।
মিছিলকারীরা রাস্তায় অবস্থান নিলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।
এদিকে নগরীর বিভিন্ন পয়েন্টে হরতাল সমর্থকরা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলাবাহিনী তাদের ধাওয়া দিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।
আটক নেতাদের মুক্তি দাবিতে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় এই হরতাল ডেকেছে বিএনপি।
