সংসদ অধিবেশন বসছে বিকালে
নবম জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন বসছে রোববার, যে অধিবেশনে নির্বাচিত করা হবে নতুন রাষ্ট্রপতি।
বিকেল সাড়ে ৫টায় চলতি বছরের এই দ্বিতীয় অধিবেশন শুরু হবে।
গত ৩ এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেন। অবশ্য বিরোধী দলের যোগ দেয়ার বিষয়ে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।
গত ২০ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান রাষ্ট্রপতি জিল্লুর রহমান। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার আবদুল হামিদই অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
সপ্তদশ অধিবেশনের শুরুর আগে মেয়াদ, কার্যসূচি নির্ধারণে বিকেল সাড়ে ৪টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক বসবে। ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী বৈঠকে সভাপতিত্ব করবেন।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ওই বৈঠকে উপস্থিত থাকার কথা।
সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অধিবেশনের কার্যসূচি নির্ধারণ করতে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। এছাড়া কোন কোন বিল এ অধিবেশনে পাস হবে তাও বৈঠকে ঠিক করা হবে।”
টানা ৮৩ কার্যদিবস অনুপস্থিতির পর সর্বশেষ গত বছরের ১৮ মার্চ সংসদে এসেছিলো বিএনপি। এরপর থেকে টানা ৭৫ কার্যদিবস অনুপস্থিত রয়েছেন তারা।
নবম জাতীয় সংসদের ১৬তম অধিবেশন পর্যন্ত দেশের সংসদীয় ইতিহাসে ৩০৭ দিন বর্জন করেছে বিএনপি, যা এ পর্যন্ত সর্বোচ্চ।
সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর পঞ্চম সংসদে (১৯৯১-১৯৯৫) প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ২৬৫ কার্যদিবসের মধ্যে ১৩৫দিন সংসদের বাইরে ছিল। সপ্তম সংসদের (১৯৯৬-২০০১) বিরোধী দল বিএনপি ২১৯ কার্যদিবসের মধ্যে ১৬৩ দিন, আর অষ্টম সংসদের (২০০১-২০০৬) বিরোধী দল আওয়ামী লীগ ৩৭৩ কার্যদিবসের মধ্যে ২২৩ দিন বাইরে ছিলো।
বিরোধী দলীয় নেত্রী হিসেবে শেখ হাসিনা পঞ্চম সংসদে উপস্থিত ছিলেন ১৩৫ আর অষ্টম সংসদে ৪৫ দিন। অন্যদিকে খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী হিসেবে সপ্তম সংসদে ছিলেন ২৮ দিন।
এদিকে আগামী ২৯ এপ্রিল রাষ্ট্রপতি নির্বচানসহ দলীয় ‘আনুষাঙ্গিক’ বিষয়ে আলোচনার জন্য রোববার সকাল ১১টায় বৈঠকে বসবে আওয়ামী লীগের সংসদীয় দল। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন।
প্রধান হুইপ আব্দুস শহীদ বলেন, “রাষ্ট্রপতি নির্বচান এবং দলের আনুষঙ্গিক বিষয় নিয়ে সভায় আলোচনা করা হবে।”
গত ৯ এপ্রিল নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। সে অনুযায়ী সংসদে ভোট হবে আগামী ২৯ এপ্রিল।আগ্রহী প্রার্থীরা ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দিতে পারবেন। পরদিন মনোনয়নপত্র বাছাইয়ের পর ২৪ এপ্রিল পর্যন্ত তা প্রত্যাহার করা যাবে।
সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় একবারই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা।
পরবর্তী সময়ে ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।
