সাদেক হোসেন খোকার বিরুদ্ধে জিডি
বিএনপির সমাবেশ থেকে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা চেয়ে সাদেক হোসেন খোকার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
শনিবার সন্ধ্যায় পল্টন থানায় জিডিটি করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।
তিনি বলেন, “১৮ দলীয় জোটের আঠারো এপ্রিলের সমাবেশে সভাপতির বক্তব্যে সাদেক হোসেন খোকা উস্কানিমূলক কথা বলেছেন।”
গত আঠারো এপ্রিল বিএনপি কার্যালয়ের সামনে ওই সমাবেশে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেছিলেন, বিরোধী দলের দাবি না মানা হলে সাড়া বাংলাদেশে ফটিকছড়ির মত ঘটনা ঘটিয়ে এই সরকারের পতন করা হবে।
এ ধরনের বক্তব্য সরাসরি হত্যার হুমকি বলে মনে করেন এবি সিদ্দিকী।
পল্টন থানার এস আই মেহেদী মাকসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর জীবনের নিরাপত্তা চেয়ে সাদেক হোসেন খোকার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি হয়েছে।আদালতের অনুমতি নিয়ে এ বিষয়ে তদন্ত হবে। তদন্তে অভিযোগ প্রমানিত হলে রাষ্ট্রদ্রোহের মামলা হবে।”
গোপালগঞ্জের কোটালীপাড়ার বাসিন্দা এবি সিদ্দিকী এর আগে গত বছরের ২৩ এপ্রিল বুয়েটের শিক্ষক হাফিজুর রহমান রানার বিরুদ্ধে ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগ এনে জিডি করেছিলেন।
ওই জিডির অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহবাগ থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়।
