খুলনায় পিকআপের ধাক্কায় নিহত ৩
খুলনার ডুমুরিয়া উপজেলায় পিকআপের ধাক্কায় নসিমন ও মোটরসাইকেলের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হন সাতজন।
এ ঘটনায় এলাকাবাসী প্রায় দুইঘণ্টা সড়কটি অবরোধ করে জিলেরডাঙ্গা ও গুটুদিয়া মোড়ে পাঁচটি গতিরোধক তৈরি করে।
নিহতরা হলেন নসিমনের দুই যাত্রী আরাজী ডুমুরিয়া গ্রামের রঞ্জু শেখ (৬০) ও গুটুদিয়া গ্রামের ঘণ্টা মণ্ডল (৫০) এবং মোটরসাইকেল আরোহী কপলিমুনি এলাকার আবদুল আজিজ (৪৫)।
আহত আবদুস সালাম বিশ্বাস (২৫), শাহাদৎ হোসেন (৫৫), রোস্তম মোড়ল (৫০), হাবিব শেখ (৩৫) ও মো. জামালকে (২৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া গোপাল মণ্ডল (৪৪) ও শাহাদৎ মোড়লকে (২৫) ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান বলেন, মুরগিবোঝাই পিকআপটি বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এরপর একটি নসিমনকে ধাক্কা দিয়ে কিছুদূর গিয়ে আবার গাছে ধাক্কা দেয় এবং রাস্তার পাশে উল্টে যায়।
পিকআপের ধাক্কায় দুই নসিমনযাত্রী ঘটনাস্থলে মারা যান। মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় হাসপাতালে।
ওসি আরো বলেন, পিকআপটি উদ্ধার করা হযেছে। চালক পালিয়ে গেছে।
