২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ-৫: আ. লীগের প্রার্থী চূড়ান্ত ২২ এপ্রিল

আব্দুল জলিলের মৃত্যুতে শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হবে ২২ এপ্রিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 07:32 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শুক্রবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ডের বৈঠক ২২ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপ-নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ১৪ জনের সাক্ষাৎকার নেয়া হয়েছে।

শেখ হাসিনার সভাপতিত্বে গত ৯ এপ্রিল দলের সংসদীয় বোর্ডের বৈঠকে দলীয় প্রার্থিতার জন্য ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়ার সিদ্ধান্ত হয়।

সেদিনের বৈঠক ১৯ এপ্রিল পর্যন্ত মুলতবি করে পরবর্তী বৈঠকে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা করার সিদ্ধান্ত হয়। মনোনয়ন ফরমের দাম ঠিক করা হয় ১০ হাজার টাকা।

এর আগে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুর পর তার আসনে ছেলে নাহিম রাজ্জাক এবং আখতারুজ্জামান চৌধুরী বাবুর আসনে তার ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়ার পর তারা দুজনই জয়ী হন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জলিল গত ৬ মার্চ মারা যাওয়ার পর নওগাঁ-৫ (সদর) আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

২৫ মে ওই উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২৫ এপ্রিল পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৬ মে।

গত ২০০৮ এর নির্বাচনে আব্দুল জলিল নৌকা মার্কায় ১ লাখ ৩৬ হাজার ৬৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল লতিফ খান পেয়েছিলেন ৯০ হাজার ৬৬২ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, উপনির্বাচনের যাবতীয় প্রস্তুতি নেয়া শুরু করেছেন তারা।

সদর উপজেলার এই আসনে ৮৪টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৪০৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৩ হাজার ১৩৬ জন এবং মহিলা ১ লাখ ৪০ হাজার ২৬৯ জন।