না.গঞ্জে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হালিম আজাদকে স্থানীয় সাংসদ নাসিম ওসমানের হুমকির প্রতিবাদে সাংবাদিকরা মুখে কালো কাপড় বেধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন রচনা করা হয়।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে স্থানীয় সাংসদ নাসিম ওসমান নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কবি হালিম আজাদকে হুমকি দেন।
এদিকে সাংবাদিকদের মানববন্ধন চলাকালে প্রেস ক্লাবের উল্টো দিকের একটি মার্কেটের নিচে ৬-৭ জন সহযোগী নিয়ে অবস্থান নেন সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান। এতে মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অবশ্য শেষপর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি শেষ হয়।
মানববন্ধনে অংশ নেয়া ক্ষুব্ধ সাংবাদিকরা বলেন, হুমকি-ধামকি দিয়ে অন্যায়ের প্রতিবাদ করা থেকে সাংবাদিকদের বিরত রাখা যাবে না।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি সালাম জোবায়ের, সাবেক সভাপতি রুমন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফা করিম, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, দেলোয়ার হোসেন চুন্নু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি ওবায়েদ উল্লাহ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংবাদিক অহিদুল হক খান, আফজাল হোসেন পন্টি, বুলবুল আহম্মেদ সোহেল প্রমুখ।
সমাবেশে ওসমান পরিবারকে উদ্দেশ্য করে আইভী বলেন, “হুমকি-ধামকি দেওয়া আপনাদের জন্য নতুন কিছু নয়। আগে আপনাদের হুমকি-ধামকিতে মানুষ ভয় পেলেও এখন আর পায় না। আপনাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের মানুষ প্রতিবাদ করতে শুরু করেছে।”
শামীম ওসমানকে উদ্দেশ্য করে আইভী আরো বলেন, কিছুদিন আগে একটি সভা থেকে আপনি নারায়ণঞ্জের ছয়জন সাংবাদিককে উদ্দেশ্য করে বলেছিলেন, তারা নাকি জামায়াত শিবিরের ‘হিটলিস্টে’ আছে। প্রেস ক্লাবের সভাপতিকে হুমকি দিয়ে আপনারা প্রমাণ করলেন সাংবাদিকরা জামায়াতের নয় বরং আপনাদের ‘হিটলিস্টে’ রয়েছে।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি বলেন, “ত্বকী হত্যার ব্যাপারে আমরা শামীম ওসমান ও তার পরিবারের সদস্য এবং সাঙ্গপাঙ্গদের অভিযুক্ত করেছি। আদালতের মাধ্যমেই এ অভিযোগ প্রমাণিত হবে। তারা যদি নির্দোষ হয় সেটাও আদালতেই প্রমাণ হবে। কিন্তু তারা হুমকি-ধামকি, মানুষকে ভয় দেখিয়ে আর খুন করে প্রমাণ করেছে কারা খুনি।”
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু বলেন, “শামীম ওসমান ডিসি অফিসে এমপি সারা বেগম কবরীকে লাঞ্চিত করেছিলেন।যে কারণে তার পতন হয়েছে। সিটি করপোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জের মানুষ তাকে প্রত্যাখান করেছে। আর নাসিম ওসমান ডিসি অফিসে হালিম আজাদকে হুমকি দিয়েছেন। আগামী নির্বাচনে এর পরিণাম তিনি বুঝতে পারবেন।
