মুক্তিযুদ্ধের চেতনাবিনাশী শক্তিকে প্রতিহতের আহ্বান
মুক্তিযুদ্ধের চেতনা বিনাশকারী শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার রাজধানীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত বলেন, সারা বিশ্বে এখন নির্মাণ শ্রমিক ও নির্মাণ খাতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে সোমবার এক আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। ছবি: আসাদুজ্জামান প্রামানিক /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, অক্টোবর ১০, ২০১১
সম্মেলনে বিশেষ অতিথি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, শ্রমজীবি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সরকার কাজ করে যাচ্ছে। তবে একদিনে সব কিছু করা সম্ভব না।
বর্তমান সরকারকে ‘শ্রমিকবান্ধব’ আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, “সরকার শ্রমিকদের সব ন্যায্য দাবি মেনে নেবে।”
তিনি বলেন, এখন স্বাধীনতাবিরোধী চক্র মাঠে নেমেছে। তারা পুলিশের ওপর হামলা, মানুষ হত্যা, রেললাইন উপড়ে ফেলার মতো ঘটনা ঘটাচ্ছে, যা নজিরবিহীন।
সম্মেলনে এ আওয়ামী লীগ নেতা বিএনপিকে একাত্তরের ঘাতকদের সঙ্গ ছাড়ার পরামর্শ দিয়ে বলেন, আপনারা রাজনৈতিক পরিবেশ তৈরি করুন, আলোচনা হবে।
তবে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সরে না এলে কোনো আলোচনা হবে না বলে জানিয়ে দেন তিনি।
সবাই মিলে স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিরোধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যত বড় নেতাই হোক সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কাউকেই ছাড় দেয়া হবে না।"
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইনসাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, স্বাধীনতার ৪২ বছর পরও ২০০৬ সালের শ্রম আইন সংশোধন হয়নি। শ্রমিকদের স্বার্থে এটি সংশোধন করা উচিত।
এ ব্যাপারে সরকারকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান এই শ্রমিক নেতা।
হরতালে কাজ করতে না পারায় শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে তিনি বলেন, যারা হরতাল ডেকে গাড়ি ভাংচুর করে তাদের ব্যাপারে সরকারকে কঠোর হতে হবে।
শ্রমিকনেতা আরো বলেন, বর্তমানে দেশের একটি বিশেষ মহল দেশের নারী শ্রমিকদের নিয়ে বিভিন্ন ধরনের মানহানিকর কথা বলে থাকেন। দেশের গার্মেন্টস শিল্পের অর্ধেকের বেশির ভাগই নারী।
তাদের বিরুদ্ধে মানহানিকর কিছু বললে শ্রমিক সমাজ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
শ্রমিকদের বাসস্থান সুবিধা, কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত, কর্মস্থলের পরিবেশ নিশ্চিতসহ ১২ দফা দাবি তুলে ধরে সরকারকে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েনের মিলনায়তনে আয়োজিত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের মহাসচিব আবদুস সামাদ পিন্টু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী ও সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম।
