চুয়েটে তারুণ্য উৎসব শুরু
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হয়েছে তিন দিনব্যাপী তারুণ্য উৎসব।
বৃহস্পতিবার বিকালে চুয়েট ক্যাম্পাসে চট্টগ্রাম উদীচীর সভাপতি শহীদজায়া বেগম মুশতারী শফী উৎসবের উদ্বোধন করেন।
গত দুই বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘চুয়েট ডিবেটিং সোসাইটি’ এ উৎসবের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার প্রথম প্রবাহ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের ১৮ টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। সন্ধ্যায় আব্দুল্লাহ আল মামুন রচিত ‘মেরাজ ফকিরের মা’ নাটকটি মঞ্চস্থ হয়।
এছাড়া উৎসবের দ্বিতীয় দিনে আন্ত:বিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রতিযোগিতা, আলোকচিত্র বিষয়ক কর্মশালা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব, নাটক ‘মেড ইন চিটাগং’ ও ‘আদর্শলিপি’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে বলে বির্তক সংগঠনের সভাপতি আরিফুর রহমান জানান।
সমাপনী দিনে রয়েছে প্রয়াত বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্মরণে শোকসভা, গোলটেবিল বৈঠক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এবারের উৎসবে দেশের মোট ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবেন।
