২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলে নাশকতায় জড়িত আরো ৩ হন গ্রেপ্তার

কুমিল্লায় রেললাইনের ফিসপ্লেট তুলে নেয়ায় জড়িত অভিযোগে আরো ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট ১৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ।  

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 03:57 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

কুমিল্লা র‌্যাব-১১ কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহেদ আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বুধবার রাতে গ্রেপ্তার করা হয় এই তিন জনকে।

তারা হলেন- সদর দক্ষিণ উপজেলার মাওরাতুল গ্রামের মোখলেছুর রহমানের ছেলে শাহাদাত হোসেন শাহিন (২১), শ্রীবল্লভপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে জামাল হোসেন (৪৮) ও একই গ্রামের বাহার মিয়ার ছেলে মোক্তার হোসেন (২৩)।

এদের মধ্যে শিবিরকর্মী হিসেবে পরিচিত শাহাদাত ওই নাশকতায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব কর্মকর্তা জানান।

গত ২ এপ্রিল ভোরে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ের কাছে রেললাইনের ফিসপ্লেট উঠিয়ে নেয় দুবৃত্তরা।

নাশকতা সৃষ্টির এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন রেল পুলিশের এসআই শাহাবুদ্দিন। 

এতে ৪৮ জনের নাম উল্লেখসহ আসামি করা হয় অজ্ঞাতনামা আরো ১২০ জনকে।

মামলা দায়েরের পর দিন ৩ এপ্রিল ১৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়।

অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান শাহেদ আহমেদ।