২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বৃত্তদের হামলায় আহত এসআইয়ের দেহে অস্ত্রোপচার

দুবৃত্তদের হামলায় গুরুতর জখম গজারিয়া থানার এস আই বেলাল উদ্দিনের (৩৫) দেহে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 02:54 PM

Updated : 25 Apr 2022, 06:37 PM

বুধবার মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়।  চিকিৎকরা জানান, তার শরীরের ৭টি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

গজারিয়া থানার ওসি  মো. জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার রাতে জানান,  এসআই বেলাল এখনও ভালোভাবে কথা বলতে পারছে না। চিকিৎসকরা তাকে ঘুম পারিয়ে রেখেছেন। তাই এই হামলার ঘটনায় মামলা দায়েরে দেরি হচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বাউশিয়া পাঠাবাড়ির কাছে বুধবার রাত সাড়ে ১০টার দিকে এসআই বেলাল উদ্দিন দুবৃত্তদের হামলার শিকার হন। রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলের কাছ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল ও ৮ রাউন্ড গুলিভর্তি পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে তার ব্যহৃত মোবাইল ফোনসেট ও মানিব্যাগ খোয়া যায়।

এই হামলায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে পুলিশ আবুল কালাম (২৩), মো. লিটন শিকদার ওরফে কসাই লিটন (২৮), মো. রাজিব হেসেন (২৫), সুমন হোসেন (২৩), মো. ফরহাদ (২২) ও মো. শফিককে (৪২) আটক করেছে।

এ ঘটনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “এস আই বেলাল উদ্দিন সম্প্রতি টেকনাফ থেকে ঢাকায় যাওয়ার পথে কয়েকটি মাদকের বড় চালান আটক করেন। মাদক বিরোধী অভিযানে সে খুবই সফল। এই কারণে মাদক ব্যবসায়ীরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”

সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান,  মাদক উদ্ধার বিষয়ে সোর্সের সঙ্গে কথা বলে একা মোটরসাইকেলে করে থানায় ফেরার পথে রাত সাড়ে ১০টায় হামলাকারীরা ধারালো অস্ত্র নিয়ে এসআই বেলালের উপর ঝাপিয়ে পড়ে। তিনি আত্মরক্ষার চেষ্টা করলে হামলাকারীরা চাপাতি দিয়ে হাতে আঘাত করলে পিস্তলটি পড়ে যায় । পরে কুপিয়ে তাকে রাস্তায় ফেলে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার বলেন, “মাদক উদ্ধার ও মাদকসেবীদের গ্রেপ্তার করার কারণেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”