রেলে নাশকতায় ‘জড়িত’ আরো ৩ জন গ্রেপ্তার
কুমিল্লায় রেললাইনের ফিসপ্লেট তুলে নেয়ায় জড়িত অভিযোগে আরো ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট ১৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
তারা হলেন- সদর দক্ষিণ উপজেলার মাওরাতুল গ্রামের মোখলেছুর রহমানের ছেলে শাহাদাত হোসেন শাহিন (২১), শ্রীবল্লভপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে জামাল হোসেন (৪৮) ও একই গ্রামের বাহার মিয়ার ছেলে মোক্তার হোসেন (২৩)।
এদের মধ্যে শিবিরকর্মী হিসেবে পরিচিত শাহাদাত ওই নাশকতায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র্যাব কর্মকর্তা জানান।
গত ২ এপ্রিল ভোরে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ের কাছে রেললাইনের ফিসপ্লেট উঠিয়ে নেয় দুবৃত্তরা।
নাশকতা সৃষ্টির এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন রেল পুলিশের এসআই শাহাবুদ্দিন।
এতে ৪৮ জনের নাম উল্লেখসহ আসামি করা হয় অজ্ঞাতনামা আরো ১২০ জনকে।
মামলা দায়েরের পর দিন ৩ এপ্রিল ১৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান শাহেদ আহমেদ।
