২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে এসআইকে কুপিয়েছে দুর্বৃত্তরা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ()

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 06:24 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাঠানবাড়ির কাছে হামলার শিকার হন গজারিয়া থানার উপপরিদর্শক বেলাল উদ্দিন (৩৫)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গজারিয়া থানার এএসআই মকবুল হোসেন জানান, সাড়ে ১০টার দিকে কাজ শেষে থানায় ফেরার পথে হামলার শিকার হন বেলাল।

“আত্মরক্ষার জন্য তিনি পিস্তল বের করলে হামলাকারিরা বাড়ি মেরে তাকে ফেলে দিয়ে নির্মমভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে পথচারীরা তাকে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।”

বেলালের শরীরে ধারালো অস্ত্রের অন্তত সাতটি কোপ রয়েছে বলে তিনি জানান।

ঘটনাস্থল থেকে আহত এসআইয়ের পিস্তল ও মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান তিনি।

মাদক চোরাকারবারিরা এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার।

তিনি বলেন, “সম্প্রতি টেকনাফ থেকে রাজধানী যাওয়ার পথে মাদকের কয়েকটি বড় চালান আটক করেছেন এস আই বেলাল উদ্দিন। মাদক বিরোধী অভিযানে সে খুবই সফল।”