২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর মামলায় আপিল শুনানি ২ মে

খুন-ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের আপিল শুনানি শুরু হবে ২ মে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 05:10 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

Image
দেলাওয়ার হোসাইন সাঈদী

দেলাওয়ার হোসাইন সাঈদী

মামলাটি বৃহস্পতিবার আপিল বিভাগের কার্যতালিকায় আসার পর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এই দিন ঠিক করে দেয়।

২ মের মধ্যে দুই পক্ষকে আপিলের সার সংক্ষেপ জমা দিতে বলেছে আদালত। 

আপিল বিভাগের এই বেঞ্চই জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায়ের বিরুদ্ধে দুই পক্ষের আপিল শুনছে।

বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ২৮ ফেব্রয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়। এরপর রাষ্ট্র ও আসামিপক্ষ গত ২৮ মার্চ ওই রায়ের বিরুদ্ধে আপিল করে। 

আপিলে সাঈদী খালাসের আবেদন করেন। অন্যদিকে যেসব অভিযোগ প্রমাণিত হলেও ট্রাইব্যুনাল সাঈদীকে শাস্তি দেয়া হয়নি, সেসব অভিযোগে সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ।

আপিল করার পর ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের সমন্বয়ক এম কে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাইব্যুনাল সাঈদীকে ২০টি অভিযোগের মধ্যে ৮টিতে দোষী সাব্যস্ত করেছে। ওই ৮টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রামাণিত হয়েছে বলেও রায়ে উল্লেখ করা হয়। তবে হত্যাকাণ্ডের মাত্র দুটি অভিযোগে তাকে শাস্তি দেয়া হয়েছে। বাকি অভিযোগগুলোতে ‘মৃত্যুদণ্ড থেকে তুলনামূলক কম শাস্তি হতো’ বলে মনে করায় ট্রাইব্যুনাল আলাদা করে আর কোনো শাস্তির কথা রায়ে বলেনি।

“সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণের পরও এভাবে শাস্তি না দেয়া হচ্ছে আইনের বড় একটি ভুল এবং ন্যায় বিচার নিরুত্সাহিত করা। এটা ট্রাইব্যুনাল করতে পারে না। তাই আমরা সেই ছয়টি অভিযোগেও তার শাস্তি চেয়েছি।

এ ছাড়া ট্রাইব্যুনাল যে ১২টি অভিযোগ থেকে সাঈদীকে খালাস দিয়েছে, সেগুলোতেও ‘পূর্ণ ন্যায় বিচারের’ আবেদন করা হয়েছে জানিয়ে এম কে রহমান বলেন, “আপিল বিভাগ সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুসারে এ অভিযোগগুলোতেও ব্যবস্থা নিতে পারে।”

আপিল দায়েরের পর সাঈদীর আইনজীবী ফরিদ উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রাইব্যুনাল যে আটটি অভিযোগে দেলাওয়ার হোসাইন সাঈদীকে শাস্তির আদেশ দিয়েছে, ১৩৫টি গ্রাউন্ড দেখিয়ে তাতে আমরা খালাসের আবেদন করেছি।”

মূল আপিল আবেদন ও নথি মিলিয়ে সাড়ে ৬ হাজার পৃষ্ঠার পেপারবুক সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেয়া হয়েছে বলে জানান তিনি।