২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনে ‘সর্বশেষ’ সময় দিল সাংবাদিকরা

জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপনের জন্য কর্তৃপক্ষকে ‘শেষ’ বারের মতো সময় বেঁধে দিয়েছে সাংবাদিকদের একটি অংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 06:36 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের পক্ষে ৩৮ দিনের দেন সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।

বিএফইউজে একাংশের এই সভাপতি বলেন, “আমরা তাদেরকে শেষবারের মতো সময় বেঁধে দিয়েছি। আগামী ২৫ মে’র মধ্যে প্রেসক্লাব বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের উদ্যোগ না নিলে আমরা নিজেরাই প্রতিকৃতি স্থাপনের ব্যবস্থা নেব।”

বর্তমানে জাতীয় প্রেসক্লাবের নেতৃত্বে রয়েছেন বিএনপি সমর্থক সাংবাদিকরা।

ইকবাল সোবহান ক্ষোভ প্রকাশ করে বলেন, সংবিধান ও উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে দেশের সব সরকারি ও জাতীয় প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি রাখার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু জাতীয় প্রেসক্লাব এখনো এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।

এর আগে, সাংবাদিক ইউনিয়ন দুটির একাংশের নেতারা গত ২৬ মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করতে চাইলে প্রেসক্লাব কর্তৃপক্ষ আলোচনার প্রস্তাব দেয়। তখন প্রতিকৃতি স্থাপনের জন্য ১৬ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়।

বিএফইউজের একাংশের মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া বলেন, “প্রতিকৃতি স্থাপনের দাবি থেকে আমরা এক চুলও সরে আসবো না। কেউ বাধা দিতে চাইলে বাঁশের লাঠি তৈরি করা আছে। ওই লাঠি দিয়ে একদিন শত্রু হাত থেকে দেশ ছিনিয়ে এনেছি, এ লাঠি দিয়েই তাদের প্রতিরোধ করা হবে।”

সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, “প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপিত হলে বঙ্গবন্ধুর কোনো লাভ নেই, বরং এতে প্রেসক্লাবের মর্যাদা বেড়বে।”

প্রেসক্লাবের সদস্য সংগ্রহ

এদিকে ছয় বছর পরে আবারও জাতীয় প্রেসক্লাবের সদস্যপদের আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া শুরুর জন্য একমাস সময় বেঁধে দিয়েছে বিএফইউজে ও ডিইউজের একাংশ।

ইকবাল সোবহান বলেন, “প্রেসক্লাবের বার্ষিক সভার সিদ্ধান্তক্রমে প্রায় ৬ বছর বন্ধ থাকার পর আবারো সদস্য গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা দাবি জানিয়েছি, যারা এতদিন সদস্য হওয়ার জন্য আবেদন করে বসে ছিলেন, তাদের থেকে বাছাই করে সদস্য গ্রহণ করতে হবে।”

আগামী এক মাসের মধ্যে নতুন সদস্য নেয়ার প্রক্রিয়া শুরু না হলে এর পরিণতি ‘ভয়াবহ’ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।