২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াস আলীর নাম ছাড়া অভিযোগপত্র দাখিল

বিএনপির নিখোঁজ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে বাদ দিয়ে একটি মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 03:35 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

বুধবার বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান অভিযোগপত্রটি দাখিল করার পর আদালত গ্রহণ করেছে।

চাঁদাবাজি, আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও বিস্ফোরণ ঘটানোর অভিযোগে গত বছরের ১৯ এপ্রিল বিশ্বনাথ থানায় দুটি মামলা দায়ের করেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বশারত আলী বাছা।

মামলায় ইলিয়াস আলী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহেল আহমদ চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক কলমদর আলী, বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজাদ নুরকে আসামি করা হয়।

অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা এসআই সাইদুর রহমান বলেন, বিস্ফোরক আইনে করা মামলায় ইলিয়াস আলীর বিরুদ্ধে বাদীর অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। তাই তাকে এ মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন জানানো হয়।

আদালত অভিযোগপত্রটি গ্রহণের সত্যতা স্বীকার করেছেন আসামিপক্ষের আইনজীবী হাসান পাঠওয়ারী রিপন।

তবে অভিযোগপত্রে ইলিয়াস আলীর নাম বাদ দেয়া হলেও বাকি তিন নেতার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

এক বছর আগে রাজধানী থেকে ইলিয়াস আলী নিখোঁজ হন।