বরিশালে ইনান হত্যাকারীদের গ্রেপ্তার দাবি
বরিশাল জিলা স্কুলের ছাত্র ইনান হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে স্মারকলিপি দিয়েছে তার সহপাঠীরা।
বুধবার বেলা ১২টায় নগরীর শহীদ নজরুল ইসলাম সড়কে কিছুক্ষণ অবস্থান করলে রাস্তার দুপাশে যানবাহন আটকা পড়ে।
পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বাঁধ রোডে পুলিশ কমিশনার মো. সামসুদ্দিনের কাছে স্মারকলিপি দেয়।
গত ৬ এপ্রিল দুর্বৃত্তরা ইনানকে পিটিয়ে হত্যা করে। ইনান বরিশাল নগরীর বাংলাবাজার রোডের জাহাঙ্গীর হোসেন তানুর ছেলে।
ইনানের ভাই নিয়াজ মোর্শেদ সাংবাদিকদের বলেন, পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন হত্যাকারীদের গ্রেপ্তার করে যথাযথ পদক্ষেপ নেবেন বলে তাদের আশ্বস্ত করেছেন।
তিনি আরো জানান, গত ৫ এপ্রিল একই এলাকার ‘উঠতি সন্ত্রাসী’ রিসাদের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে জিলা স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ইনানের বিরোধ হয়।
এর জেরে ৬ এপ্রিল শনিবার বিকালে ইনানকে মোবাইল ফোনে খবর দিয়ে বাংলাবাজার মোড় এলাকায় ডেকে নিয়ে রিসাদের নেতৃত্বে তার ভাই রিফাত, শিমন, হাসান, রানা, জুম্মান, ও সৌরভসহ ১০/১৫ জন ইনানকে লাঠি ও বেলচা দিয়ে পিটিয়ে ফেলে রাখে।
তাকে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা নেয়ার সময় পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ইনানের বাবা কয়েকজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।
ঘটনার পরদিন স্থানীয়রা একজনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তবে আর কাউকে ধরতে পারেনি পুলিশ।
