২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ উন্নয়নশীল দেশের শীর্ষে: মজিনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামার দৃষ্টিতে বাংলাদেশ সফল উন্নয়নশীল দেশের তালিকার শীর্ষে রযেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিও মজিনা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 12:22 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

বুধবার মজিনা গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনে এসে একথা বলেন।

ব্রি’র উচ্চফলনশীল ধানের জাতসহ বিভিন্ন লাগসই প্রযুক্তির প্রশংসা করে তিনি বলেন, এ প্রতিষ্ঠানের কল্যাণেই বিগত চার দশকে চাল উৎপাদন তিনগুণ বাড়িয়ে দেশটি এখন এ অঞ্চলে আর্থসামাজিক ক্ষেত্রে সফলতার বিরল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে।

“এদেশকে এখন আর তলাবিহীন ঝুড়ি বলা যাবে না। এটি এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ,” বলেন মজিনা।

অনুষ্ঠানে ব্রি’র মহাপরিচালক মো. সাইদুল ইসলাম বলেন, কৃষিবিজ্ঞানীদের প্রচেষ্টায় দেশে ‘ম্যাজিক্যালি’ খাদ্য উৎপাদন বাড়ছে, যা পাশের অনেক দেশেই সম্ভব হয়নি।

মহাপরিচালক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জমসের আহাম্মদ খন্দকার, পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কামাল উদ্দিন, বিনা’র মহাপরিচলক আব্দুস সাত্তার, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) বাংলাদেশ প্রতিনিধি টিমথি ডেভিড রাসেল, ব্রি’র পরিচালক (প্রশাসন) জীবন কুমার বিশ্বাস, ব্রি’র পরিচালক (গবেষণা) মো. শমসের আলী প্রমুখ।

পরে মার্কিন রাষ্ট্রদূত ব্রি’র গবেষণা মাঠ, ল্যাব, জিন ব্যাংকসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।