টাকা আত্মসাতের অভিযোগে ২ বিদেশি গ্রেপ্তার
সাভারে এক তৈরি পোশাক শিল্প মালিকের অর্থ আত্মসাতের অভিযোগে দুই বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাভার মডেল থানার এসআই মো. সামসুজ্জামান জানান, মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর থানা পুলিশের সহায়তায় সাভার মডেল থানা পুলিশ নেদারল্যান্ডসের নাগরিক ব্রিট জে লুডাভিগসেন সাকাতা ও ভারতের নাগরিক স্যাম্পাত কুমারকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা দুবাইভিত্তিক ‘টেক্স প্রেগো ট্রেডিং’ নামের তৈরি পোশাক আমদানিকারক প্রতিষ্ঠানের কর্ণধার। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
একই থানার পরিদর্শক আমিনুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে মামলাটি করেন জেকে গ্রুপের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান।
মামলায় বলা হয়েছে, ২০১১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ক্রেতা প্রতিষ্ঠানটি সাভার পৌর এলাকার দক্ষিণ দড়িয়াপুর মহল্লায় অবস্থিত জেকে গ্রুপের ‘জে কে নীট কম্পোজিট’ থেকে ৯ কোটি ৫৮ লাখ ৭৪ হাজার টাকার পোশাক আমদানি করে।
কিন্তু তারা মূল্য পরিশোধ না করেই পুরো অর্থ আত্মসাত করেছে বলে মামলায় অভিযোগ করেন বাদি জাহাঙ্গীর আলম।
মামলার তদন্ত কর্মকর্তা সামসুজ্জামান বলেন, রাত ১০টার দিকে এমিরেটস এয়ারলাইনের বিমানে দুবাই যাবার আগে তাদের গ্রেফতার করা হয়। দুজনের পাসপোর্ট জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্রিট জে লুডাভিগসেন সাকাতা পুলিশকে বলেছেন, ব্যবসায় লোকসান হওয়ায় তাদের টাকা দিতে সমস্যা হচ্ছে।
এ বিষয়ে একাধিকবার বিজিএমইএর মাধ্যমে সালিশও হয়েছে বলে উল্লেখ করেন ওই তদন্তকারী কর্মকর্তা।
আমিনুর রহমান জানান, বিদেশি দুই নাগরিককে গ্রেপ্তারের বিষয়টি তাদের দেশের দূতাবাসকে জানানো হয়েছে।
