মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেন শেখ হাসিনা।
পরে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন এবং দেশের সব জেলায় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের কর্মসূচি শুরু হয়।
মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম বাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে।
এরপর থেকেই বৈদ্যনাথ তলা মুজিবনগর হিসাবে পরিচিত।আর দিনটি পালন করা হয় মুজিবনগর দিবস হিসাবে।
অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ।
২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার পর শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
এরপর ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করা হয়।
২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করা হয় সেই ঘোষণাপত্রে।
ঘোষণাপত্রে দেশের সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে প্রজাতন্ত্রের উপ-রাষ্ট্রপতি ঘোষণা করা হয়।
জেনারেল আতাউল গনি ওসমানী অস্থায়ী সরকারের মুক্তিবাহিনীর প্রধান কমান্ডার এবং মেজর জেনারেল আবদুর রব চিফ অব স্টাফ নিযুক্ত হন।
১১ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ জাতির উদ্দেশে বেতার ভাষণ দেন, যা আকাশবাণী থেকে প্রচার করা হয়।
তাজউদ্দিনের ভাষণের মধ্য দিয়েই দেশ-বিদেশের মানুষ জানতে পারে- বাংলাদেশের মুক্তি সংগ্রাম পরিচালনার লক্ষ্যে একটি আইনানুগ সরকার গঠিত হয়েছে।
১৭ এপ্রিল সকালে মুজিবনগরে শপথগ্রহণের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে। পরদিন এ খবর দেশ-বিদেশের পত্র-পত্রিকা এবং সংবাদ মাধ্যমে শিরোনাম হয়।
অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ মুজিবনগর দিবস উপলক্ষে এক বাণীতে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে স্মরণ করে বলেন, স্বাধীনতাযুদ্ধের লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার।
“ইতিমধ্যে স্বাধীনতার বেয়াল্লিশ বছর অতিক্রান্ত হলেও আমরা আজো সে লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারিনি।”
ঐতিহাসিক মুজিবনগর দিবসে দেশের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গঠনমূলক কাজে এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করে অস্থায়ী রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, “জাতির চরম দুর্দিনেও যে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা ঊর্ধ্বে তুলে এগিয়ে চলা যায়, ১৭ই এপ্রিল জাতীয় ইতিহাসে তারই এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করতে স্বাধীনতাবিরোধী অপশক্তি তৎপর উল্লেখ করে তাদের প্রতিহত করতে দেশপ্রেমিক নাগরিকদের একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগ ঢাকা ও মুজিবনগরে দুদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
