পানি বিল চূড়ান্ত
জাতীয় পানি সম্পদ পরিষদে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) সভাপতিকে অন্তর্ভূক্ত করে 'বাংলাদেশ পানি বিল-২০১৩' সংসদে পাসের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে বিলটির ওপর প্রতিবেদন চূড়ান্ত করা হয়।
পানি সম্পদের সমন্বিত উন্নয়ন, ব্যবস্থাপনা, আহরণ, বিতরণ, ব্যবহার, সুরক্ষা ও সংরক্ষণে সুনির্দিষ্ট বিধান করতে গত ৩ মার্চ প্রস্তাবিত আইনটি সংসদ উত্থাপন করেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন।
পরে বিলটি পরীক্ষা করতে সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিলটি পরীক্ষা করতে সংসদীয় কমিটি তিন সদস্যের একটি উপকমিটি গঠন করে।
বৈঠকে উপকমিটির সুপারিশসহ প্রতিবেদন উপস্থাপন করা হয় জানিয়ে কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটি বিলের রিপোর্ট চূড়ান্ত করেছে। আসন্ন সংসদ অধিবেশনে এটি পাসের সুপারিশ করে রিপোর্ট উপস্থাপন করা হবে।”
কমিটির সদস্য এ কে এম ফজলুল হক জাতীয় পানি সম্পদ পরিষদে আইডিইবি সভাপতিকে সদস্য করার প্রস্তাব দেয়ার বিষয়ে বলেন, “বাংলাদেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অনেক ভূমিকা রাখেন। সেজন্য পানি সম্পদ উন্নয়নে তাদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন।”
প্রস্তাবিত আইনে স্থাপনা নির্মাণ বা জলাধার ভরাট করে জলস্রোতের স্বাভাবিক প্রবাহ বন্ধ করলে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।
বিলে প্রধানমন্ত্রীকে চেয়ারপারসন করে জাতীয় পানি সম্পদ পরিষদ গঠনের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত আইনে লঙ্ঘনের জন্য অনধিক পাঁচ বছরের জেল ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া দায়িত্ব পালনরত কোনো ব্যক্তিকে কাজে বাধা দিলে একই দণ্ডের বিধান রাখা হয়েছে। আরো বলা হয়েছে, এই আইনের অধীন কোন অপরাধের বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে হবে।
