২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষিতাকে পরীক্ষায় কেন পুরুষ চিকিৎসক, প্রশ্ন হাই কোর্টের

ধর্ষিত নারীকে পরীক্ষা পুরুষ চিকিৎসক দিয়ে করানোয় ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ও ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধানকে তলব করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 02:16 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন দেখে মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন স্বঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়।

এই দুজনকে আগামী ২৮ এপ্রিল আদালতে হাজির হতে বলা হয়েছে।

এই কাজের মাধ্যমে নারীর সম্মান ও নারীত্বের প্রতি অবহেলামূলক এই কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, তাও জানতে চেয়েছে আদালত।

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ও ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধানকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

অ্যাডভোকেট বি এম ইলিয়াস, ব্যারিস্টার মো. নুর উস সাদিক, এম এম জুলফিকার আলী হায়দার, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার নওরোজ এম আর চৌধুরী ও জাইদী হাসান খান- এই তরুণ আইনজীবীরা বিষয়টি আদালতের নজরে আনেন।

মঙ্গলবার দৈনিক প্রথম আলোয় ‘ঢাকা মেডিকেলে ফরেনসিক বিভাগ, নারীর জন্য এ কেমন ব্যবস্থা?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন দেখেই এই আদেশ হয়।

প্রতিবেদনে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ফরেনসিক মেডিসিন বিভাগে ধর্ষণের শিকার নারীর শারীরিক পরীক্ষা করেন পুরুষ চিকিৎসক। ওই চিকিৎসককে সহায়তা করেন পুরুষ ওয়ার্ডবয়। দেশের সবচেয়ে গৌরবময় চিকিৎসা প্রতিষ্ঠানে ধর্ষণের প্রমাণপত্র নিতে এসে নারীকে চরম লজ্জা আর অপমানের মুখোমুখি হতে হয় প্রায়ই।

প্রতিবেদনে আরো বলা হয়, ফরেনসিক মেডিসিন বিভাগে অধ্যাপকসহ নয়টি চিকিৎসকের পদের একটিতেও নারী নেই। ১৫ বছর আগে প্রতিষ্ঠিত বিভাগটিতে পিয়ন পদে একজন ছাড়া আর কোনো পদে কোনো নারী নেই।