২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়শিয়ার ভিসা এসেছে ২০০টি, ফ্লাইট ২৫ এপ্রিল

সরকারি পর্যায়ে মালয়শিয়া গমনেচ্ছু শ্রমিকদের মধ্যে ২০০ জনের ভিসা পেয়েছে জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। আর প্রথম ফ্লাইট উড়বে ২৫ এপ্রিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 01:35 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন্নাহার মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “মঙ্গলবার বিকেল ৩টায় বিএমইটির পক্ষ থেকে ২০০ জনের ভিসা গ্রহণ করা হয়েছে।”
 

২৭ মার্চ মালয়শিয়ার উদ্দেশ্যে প্রথম ফ্লাইট ছাড়ার কথা থাকলেও শ্রমিকদের নামসহ বিভিন্ন তথ্যে ত্রুটি থাকায় ভিসা পেতে দেরি হয়েছে বলে দাবি করেন শামসুন্নাহার।

জানুয়ারি মাসের শেষ সপ্তাহে মালয়শিয়া যেতে নিবন্ধনকারীদের মধ্যে প্রথম ধাপে ১১ হাজার ৭৫৮ জন নির্বাচিত হন।

সরকারি ব্যবস্থাপনায় মালয়শিয়ায় শ্রমিক হিসেবে কাজ করতে যেতে আগ্রহী ব্যক্তিদের মধ্য থেকে অনলাইনে লটারির মাধ্যমে ৩৪ হাজার ৫০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়।

এর আগে সারাদেশের ৬৪ জেলা থেকে মোট ১৪ লাখ ৩৫ হাজার ৪৩৬ জন নিবন্ধিত হওয়ার আবেদন করেন।

বিএমইটি মহাপরিচালক শামসুন্নাহার জানিয়েছেন, বুধবার বিকেলে প্রবাসী কল্যান ভবনে শ্রমিকদের ভিসা হস্তান্তর করা হবে।

আর আগামী ২৫ এপ্রিল মালয়শিয়ার উদ্দেশ্যে শ্রমিকদের প্রথম ফ্লাইট ছাড়বে বলেও জানান তিনি।