কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় 'সুইমিং জোন' হচ্ছে
পর্যটকদের নিরাপত্তার জন্য কক্সবাজারে সৈকতে 'সুইমিং জোন' গড়ার উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, প্রতিবছর ভাটার সময় অসাবধানতাবশত অনেক পর্যটক সমুদ্রে নামার পর দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা এড়াতে কক্সবাজারের একটি এলাকায় সুইমিং জোন করে সৈকতের একটু দুরে নেট স্থাপন করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে ডি-৮ এর মহাসচিব সাইয়েদ আলী মোহাম্মদ মৌসাভির সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপে মেয়েদের ম্যাচগুলো আয়োজনের জন্য কক্সবাজার স্টেডিয়ামের কাজ দ্রুত শুরু হবে।
২০১৪ সালে টি-২০ বিশ্বকাপে মেয়েদের ৮টি দলের খেলা কক্সবাজারে অনুষ্ঠিত হবে
মন্ত্রী জানান, দুই হাজার কোটি টাকা ব্যয়ে কক্সবাজার বিমানবন্দর নির্মানে চীনের সঙ্গে আলোচনা হচ্ছে।
ডি-৮ মহাসচিবের সাথে সাক্ষাতের বিষয়ে মন্ত্রী বলেন, ডি-৮ দেশগুলোর মধ্যে পর্যটন, বিমান ও বানিজ্য সুবিধা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।
সম্প্রতি বিমানবন্দরের গুদামে আগুন লাগার বিষয়ে বিষয়ে মন্ত্রী বলেন, একটি কোম্পানি অবৈধভাবে ওয়ের্ডিং করার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে, এ ঘটনার সাথে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বিমানবন্দর এলাকায় অগ্নিনির্বাপক ব্যবস্থা আরো আধুনিক করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
