সিরাজগঞ্জে দুই মহল্লায় ফের সংঘর্ষ
মাদকের কারবারকে কেন্দ্র করে এক যুবককে মারধরের জেরে সিরাজগঞ্জে দুই মহল্লার মধ্যে আবারো সংঘর্ষ ও ঘরবাড়ি ভাংচুর হয়েছে।
সিরাজগঞ্জ সদর থনার ওসি রফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই মহল্লার লোকজন বিচ্ছিন্নভাবে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাই তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠেছে।”
তিনি জানান, দুই মহল্লার লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়েছে। সকাল থেকে অর্ধশতাধিক বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে।
সোমবার সন্ধ্যা থেকে দুই পক্ষের অন্তত ৭০ জন সংঘর্ষে আহত হয়েছেন। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতে সংঘর্ষের সময় ৬ জনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, মিরপুর ও মালসাপাড়া মহল্লার কিছু যুবক কিছুদিন ধরে ওই এলাকায় ইয়াবা ও ফেন্সিডিল বিক্রি করে আসছে। এ নিয়ে দ্বন্দ্বের জেরে ৩দিন আগে মালসাপাড়া মহল্লার ‘জিহান গ্রুপের’ যুবকরা মিরপুর মহল্লার মজনুকে মারধর করলে সোমবার সন্ধ্যা থেকে শুরু হয় সংঘর্ষ।
খবর পেয়ে সদর সার্কেল এএসপি কাজী এহসানুল কবীর এবং র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ও এএসপি অশোক কুমার পালের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও বাবার বুলেট ছুড়ে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কিন্তু মঙ্গলবার সকালে দুই পক্ষ নতুন করে সংঘর্ষে জড়ায় বলে ওসি রফিকুল জানান।
