২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনগরে পুলিশের ওপর জামায়াতের হামলা, আহত ৩

মৌলভীবাজারের রাজনগরে হামলা চালিয়ে ওসিসহ তিন পুলিশকে আহত করে দুই আসামি ছিনিয়ে নিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 05:01 AM

Updated : 25 Apr 2022, 06:36 PM

পরে পুলিশের আরেকটি দল অভিযান চালিয়ে দুই আসামিকে ফের গ্রেপ্তার করে। হামলায় জড়িত সন্দেহে আটক করা হয় ১৪ জনকে।

রোববার রাতে উপজেলার খাঁরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কুলাউড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন জানান।

আহত রাজনগর থানার ওসি মো. নাজীম উদ্দিন, উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন ও কনস্টেবল মোজাম্মেল হককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএসপি আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি মামলার আসামি জামায়াত কর্মী শাহাব উদ্দিন ও তানিম আহমদকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার শিকার হন পুলিশ সদস্যরা।

রাত সাড়ে ১০টার দিকে খাঁরপাড়া গ্রামের ভিতর ২০-২৫ জন জামায়াত কর্মী দা ও লাঠিসোঠা পিছন দিক থেকে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা পুলিশের কাছ থেকে দুই আসামিকে ছিনিয়ে নেয়।

হামলার পর গুরুতর আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এরপর গভীর রাতে এএসপি আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের আরেকটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে আসামি শাহাব উদ্দিন ও তানিম আহমদকে গ্রেপ্তার করে। পুলিশের ওপর  হামলায় জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করা হয় এ সময়।

যুদ্ধাপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর রাজনগরে ছাত্রলীগের ওপর হামলার ঘটনায় যে মামলা হয়েছিল, শাহাব উদ্দিন ও তানিম আহমেদ তারই আসামি ।

রোববারের ঘটনায় পুলিশের ওপর হামলা ও  রাষ্ট্রীয় কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা করার প্রস্তুতি চলছে বলে এএসপি আলমগীর হোসেন জানান।