২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখে ডাক ‘বৈশাখী’ প্রতিরোধের

সম্প্রদায়গত ভেদাভেদের ঊর্ধ্বে উঠে জাতি হিসেবে নিজেদের পরিচয় খোঁজার যে পথের নির্দেশনা অর্ধশতক আগে রচিত হয়েছিল, সেই চেতনায় যেন নতুন প্রাণ আনল এবারের নববর্ষ।

গোলাম মুজতবা ধ্রুব

আশিক হোসেন ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2013, 04:00 PM

Updated : 13 Oct 2022, 02:50 PM

পুরনো খবর:

লাল-সবুজে রমনায় নতুনের আবাহন
‘রাজাকারমুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের অনিঃশেষ’
সংসদের সামনে মানববন্ধন করবে জাগরণ মঞ্চ

যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে একাত্তরে পরাজিত শক্তির যে তৎপরতা ১৪১৯ সালে দেখা গেল, তাকে প্রতিরোধ করার ডাক দিয়ে শুরু হয়েছে ১৪২০ সাল।

রোববার পহেলা বৈশাখের উৎসবের প্রতিটি পর্বেই ছিল এই আহ্বান- ‘এই বৈশাখের অঙ্গীকার, রুখে দেব রাজাকার’।  

দ্বিজাতি তত্ত্বের ভিত্তিকে গঠিত পাকিস্তান রাষ্ট্রে যখন বাঙালির আত্মপরিচয় মুছে দেয়ার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে পহেলা বৈশাখকে হাতিয়ার করে রুখে দাঁড়ানো ছায়ানটের এবারের উৎসবেও ছিল সেই প্রত্যয়।

অর্ধশতক ধরে রমনার বটমূলে বৈশাখের অনুষ্ঠানের আয়োজক ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন তাই বলেছেন, “এখন প্রতিরোধ করতে হবে, এই দায়িত্ব আপনার-আমার সবার।”

একাত্তরে নিরাপরাধ লাখ লাখ বাঙালিকে খুন, ধর্ষণের জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ আন্দোলনের বিরুদ্ধে যখন সেই একাত্তরের মতোই ধর্মকে হাতিয়ার করে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর তাণ্ডব, তখন তা প্রতিরোধে সবাইকে সক্রিয় হওয়ার এই আহ্বান।

আর তা যে মুক্তিযুদ্ধকালীন ও বর্তমান উভয় প্রজন্মেরই চাওয়া, তার প্রতিফলন ঘটল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত কৃষিবিদ হামিদ হোসেনের কথায়।

দুজনেই বিকালে জড়ো হন শাহবাগে প্রজন্ম চত্বরে, গণজাগরণ মঞ্চের সমাবেশে কণ্ঠ মিলিয়ে তারা বলেন, চাই রাজাকারমুক্ত দেশ।

এই প্রজন্মের আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছোট থেকেই মুক্তিযুদ্ধের গল্প শুনেছি। আর একই সঙ্গে শুনেছি এ সব ঘৃণিত রাজাকারদের বর্বরতার কথা। নতুন বছরের শুরুর দিনে এখানে এসেছি এদের বিচারের দাবিতে।”

একাত্তরে পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকার-আলবদরদের বর্বরতার সাক্ষী হামিদ বলেন, “আমাদের দুর্ভাগ্য যে ৪২ বছরেও এদের কোনো বিচার হয়নি। নতুন বছরে তাই একটাই চাওয়া, এদেশ থেকে রাজাকাররা সমূলে নিশ্চিহ্ন হবে।”

বাঙালির নববর্ষ উৎসবের মূল অনুষ্ঠান হয়ে ওঠা ছায়ানটের এবারের আয়োজনে একটু ভিন্নতা সবার নজরে আসে।

Image
রমনা বটমূলে এবার ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানেও ছিল প্রতিবাদের আমেজ।

রমনা বটমূলে এবার ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানেও ছিল প্রতিবাদের আমেজ।

মূল বেদীতে সব শিল্পীদের পোশাকে ছিল জাতীয় পতাকার রঙ লাল-সবুজ। শিল্পীরা যেভাবে বসেছিল, তাতে চারদিকে সবুজ রেখে মাঝে ফুটে ওঠে লাল।

অনুষ্ঠানে গান ও কবিতা নির্বাচনও ছিল অন্যবারের চেয়ে ভিন্নরকম।

‘এখন যৌবন যার, মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়’ হেলাল হাফিজের জনপ্রিয় এই কবিতার সঙ্গে সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’, শামসুর রাহমানের ‘দুখিনী বর্ণমালা’, সিকান্দার আবু জাফরের ‘বাংলা ছাড়ো’, নবারুণ ভট্টাচার্য্যের ‘এই মৃত্যু-উপত্যকা আমার দেশ না’, জীবনানন্দ দাশের ‘অদ্ভুত আঁধার এক’ এর মতো প্রতিবাদী কবিতা উৎসবমুখর জনতাকে মনে করিয়ে দেয়, লড়াই এখনো শেষ হয়নি।

অনুষ্ঠান শেষ হওয়ার আগে সনজিদা খাতুন কবিতা উদ্ধৃত করে বলেন- যারা চুপ করে থাকবে তাদের প্রতি ঘৃণা।

“অপশক্তির নিকট আমরা এ দেশকে বারবার পরাজিত হতে দেব না। বাংলাদেশের সুদিন আসবেই,” আশার সঞ্চার ঘটান এই রবীন্দ্র গবেষক ও শিল্পী।

ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান যখন শেষ, তখনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি; দুই যুগ আগে চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের যে উদ্যোগ এখন বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ।

‘রাজাকারমুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের অনিঃশেষ’- এই প্রতিপাদ্য নিয়ে এবারের মঙ্গল শোভাযাত্রায়ও ছিল একই ডাক।

শোভাযাত্রার সামনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেসবাহ কামাল বলেন, “একাত্তরে যেমন হয়েছিল, এখনো তেমন ভাবেই ধর্মকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে। কিন্তু সেই চেষ্টা সফল হবে না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।”

শোভাযাত্রায় ৫০ ফুট দৈর্ঘ্যের একটি ‘ড্রাগন’ ছিল, যা দিয়ে যুদ্ধাপরাধীদের প্রতীকীভাবে উপস্থাপন করা হয়। ভিনদেশি এই দানবকে দেশ থেকে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয় এই কর্মসূচির মাধ্যমে।  

Image
‘রাজাকারমুক্ত দেশ’ গড়ার প্রত্যয়ে এবার বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রায় হাজির করা হয় ৫০ ফুট দীর্ঘ এই সরীসৃপকে।

‘রাজাকারমুক্ত দেশ’ গড়ার প্রত্যয়ে এবার বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রায় হাজির করা হয় ৫০ ফুট দীর্ঘ এই সরীসৃপকে।

এবারের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি কাজের সমন্বয়ক মানবেন্দ্র ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই যে কথায় আছে- বন্যেরা বনে সুন্দর, রাজাকাররা পাকিস্তানে। যারা দেশকে ভালোবাসে না- তারা এদেশে থাকতে পারে না।”

রমনা বটমূলের অনুষ্ঠান ও ছায়ানটের বর্ষবরণের পর রাজধানীর নানা স্থানে নানা উদ্যোগে শুরু হয় নানা অনুষ্ঠান, তবে সব অনুষ্ঠানের সুর ছিল একই।

দিনভর এই উৎসবের রঙ মাখে নারী-পুরুষ নির্বিশেষে সবাই, যা নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধে হেফাজতে ইসলামের দাবির প্রতিবাদ হিসেবেই দেখছেন অনেকে।

রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের উৎসবের মধ্যে বিকালে শাহবাগে সমাবেশ হয় গণজাগরণ মঞ্চের, যেখানে কর্মসূচি ঘোষণার আগে ৫টা ৩০ থেকে ৫টা ৩৩ মিনিট পর্যন্ত তিন মিনিট হাতে হাত বেঁধে সম্প্রীতির বন্ধন রচনা করেন সবাই।

রাজধানীর মগবাজার থেকে স্বামী-সন্তান নিয়ে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধে’ শামিল হওয়া শিল্পী ক্যাডেট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন বছরে সবারই একই অঙ্গীকার, আর সেটা যুদ্ধাপরাধীদের ফাঁসি। এ বছরই আমরা এ দাবির বাস্তবায়ন দেখতে চাই।”

“এবারের পহেলা বৈশাখ শুধু উৎসব নয়, তীব্র দ্রোহের শাণিত ক্রোধে রুদ্র,” বৈশাখের তীব্রতারই যেন প্রকাশ ঘটল গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের কণ্ঠে- “লাশের মিছিলে যে বৈশাখ, তা তীব্র প্রতিরোধের, তা দীপ্ত শপথ নেয়ার বৈশাখ।”