২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাল-সবুজে রমনায় নতুনের আবাহন

পূব আকাশে সূর্যোদয়ে বাংলাদেশে যে নতুন দিনের সূচনা হলো, তা নিয়ে এলো বাংলা নতুন বছর।

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2013, 03:07 AM

Updated : 13 Oct 2022, 02:50 PM

চিরনতুনের ডাক দিয়ে আবার এলো পহেলা বৈশাখ। নানা আয়োজনে, নানা আঙ্গিকে বাঙালি বরণ করছে বঙ্গাব্দ ১৪২০ কে।

বরাবরের মতোই ভোর সোয়া ৬টায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণের আয়োজন। মঞ্চজুড়ে লাল-সবুজের আবহে আর প্রতিবাদী গানে কবিতায় ছায়ানটের এবারের অনুষ্ঠান যেন কেবলই বর্ষবরণের আনুষ্ঠানিকতা নয়, সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিরোধেরও আহ্বান।

অনুষ্ঠানের কথন পর্বে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ছায়ানট সভাপতি সনজীদা খাতুন বলেন, “প্রগতিবিরোধী একটি শক্তি শিক্ষিত-অশিক্ষিত নির্বিশেষে যাদের চেতনা অন্ধ, তাদের নানাভাবে বিভ্রান্ত করে চলেছে। এখন এরা লিপ্ত রয়েছে হিংসা ও হানাহানিতে। সুশিক্ষিত ও সচেতন মানুষকে এটা রুখে দিতে হবে। কবি বলেছেন, যারা চুপ করে থাকেন তাদের তিনি ঘৃণা করেন।”

গঠনমূলক কাজের মধ্য দিয়ে দেশের সব মানুষকে আলোকিত করার প্রত্যয় ঝরে এই রবীন্দ্র সংগীত শিল্পীর কণ্ঠে।

তিনি বলেন, “অপশক্তির নিকট আমরা এ দেশকে বারবার পরাজিত হতে দেব না। বাংলাদেশের সুদিন আসবেই।”

শিল্পী আলমাস আলী, মো. মনিরুজ্জামান ও অসিত বিশ্বাসের বেহালা-বাঁশি-এস্রাজ এ ‘রাগ ললিতের’ মধ্য দিয়ে দিয়ে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়। এরপর সমবেত কণ্ঠে কবিগুরুর গান ‘আলো যে ওই যায় রে দেখা ওরে আলো’ ।

এরপর শিল্পী ইলোরা আহমেদ শুক্লা গেয়ে শোনান রবীন্দ্র সংগীত ‘প্রথম আলোর চরণধ্বনি উঠলো বেজে যেই’। সেঁজুতি বড়ুয়া শোনান রবীন্দ্র সংগীত ‘তোর ভিতরে জাগিয়া কে যে তারে বাঁধনে রাখিবি বাঁধি’, আর খায়রুল আনাম শাকিল শোনান নজরুল সংগীত ‘ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কী’।

সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’, শামসুর রাহমানের ‘দুখিনী বর্ণমালা’, হেলাল  হাফিজের ‘নিষিদ্ধ সম্পাদকীয়’, সিকান্দার আবু জাফরের ‘বাংলা ছাড়ো’, নবারুণ ভট্টাচার্য্যের ‘এই মৃত্যু-উপত্যকা আমার দেশ না’, কবি জীবনানন্দ দাশের ‘অদ্ভুত আঁধার এক’ এর মতো প্রতিবাদী কবিতা উৎসবমুখর জনতাকে মনে করিয়ে দেয়, শেষ হয়নি লড়াই।

অনুষ্ঠানে গাওয়া হয় আব্দুল লতিফের ‘আমি দাম দিয়ে কিনেছি বাংলা’, জ্যোতিরিন্দ্র মৈত্র ও সনত্কুমার মুখোপাধ্যায়ের ‘যশোর বগুড়া, পাবনা ঢাকা বরিশাল নোয়াখালী’, গৌরিপ্রসন্ন মজুমদারের ‘মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে’, আব্দুল গাফফার চৌধুরীর ‘শহীদ মিনার ভেঙেছে আমার’, কাজী নজরুল ইসলামের ‘তোরা সব জয়ধ্বনি কর’।

কথন পর্বের পর রমনায় সমবেত লাখো জনতা একসঙ্গে গেয়ে ওঠে জাতীয় সংগীত। এর মাধ্যমে শেষ হয় রমনা বটমূলের ছায়ানটের সকালের আয়োজন।

লাল-সাদা শাড়ি, টিপ-আলতা আর ফুলে সেজে নানা বয়সের নারী, রঙিন পাঞ্জাবির পুরুষ আর বর্ণিল পোশাকে শিশুরা সকাল থেকেই রঙিন করে তোলে রমনার উৎসবকে।

কয়েকটি নিরাপত্তা স্তর পেরিয়ে রমনায় ঢুকতে হলেও তা নিয়ে অসন্তুষ্ট দেখা যায়নি কাউকে। ২০০১ সালে রমনায় বর্ষবরণের অনুষ্ঠানে বোমাহামলার পর নিরাপত্তা জোরদার করা হচ্ছে প্রতিবছরই। এবার নিরাপত্তা বহরে রাখা হয়েছে হেলিকপ্টারও।

সকাল ৯টার আগে ছায়ানটের অনুষ্ঠান শেষ হতে না হতেই সবাই ছুটবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে শুরু হবে মঙ্গল শোভাযাত্রা। বর্ষবরণের আয়োজন নিয়ে শিশু পার্কের সামনে আছে ঋষিজ শিল্পী গোষ্ঠীও।

বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নিয়মিত আয়োজন মঙ্গল শোভাযাত্রায় শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই নয়, দূর-দূরান্ত থেকে আসা অনেকেই যোগ দেবেন।

ইতিহাস বলে, রাজস্ব আদায়ের সুবিধার জন্য মুঘল সম্রাট আকবরের যুগে প্রবর্তন হয়েছিল বাংলা সালের। বর্ষ শুরুর সে দিনটিই এখন বাঙালির প্রাণের উৎসব।

বাদশাহ আকবরের নবরত্ন সভার আমির ফতেহ উল্লাহ সিরাজি বাদশাহি খাজনা আদায়ের সুবিধার জন্য ফসলি সালের শুরু করেছিলেন হিজরি চান্দ্রবর্ষকে সৌরবর্ষের মতো মিলিয়ে নিয়ে। তিনিই হিজরিকে বাংলা সালের সঙ্গে সমন্বয় করেন এবং পয়লা বৈশাখ থেকে বাংলা নববর্ষ গণনা শুরু করেন। আর বৈশাখ নামটি নেয়া হয় নক্ষত্র ‘বিশাখা’র নাম থেকে।

আকবরি আমলের খাজনা আদায়ের দিন গত হয়েছে বহু আগে। তবে আঙ্গিক বদলে রয়ে গেছে সেই উৎসব। তারই রং আজ শহর বন্দর গ্রামে, জাতি-বর্ণ নির্বিশেষে সব বাঙালির প্রাণে।