২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের সামনে মানববন্ধন করবে জাগরণ মঞ্চ

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে আগামী ৪ মে জাতীয় সংসদের সামনে মানববন্ধনসহ নতুন কর্মসূচি ঘোষণা করেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2013, 01:55 PM

Updated : 25 Apr 2022, 06:36 PM

বাংলা নতুন বছরের প্রথম দিনে শাহবাগে মহাসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত নিষিদ্ধসহ ছয় দফা দাবিতে ২০ এপ্রিল থেকে ৪ মে সারা দেশে প্রচার ও গণসংযোগ চালাবে জাগরণ মঞ্চ।     

এরই মাঝে ২৭ এপ্রিল সারা দেশে গণজাগরণ মঞ্চের প্রতিনিধিদের নিয়ে ঢাকায় মতবিনিময় করবেন কেন্দ্রীয় নেতারা।

জামায়াত নিষিদ্ধের আইনি প্রক্রিয়া শুরুর দাবিতে ২৯ এপ্রিল সকাল ১১টায় আইন মন্ত্রণালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।  

আর পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবসে শাহবাগে হবে শ্রমিক মহাসমাবেশ।

এরপর সংসদ অধিবেশন চলাকালে ৪ মে জাতীয় সংসদের সামনে মানববন্ধন করে জামায়াত নিষিদ্ধের দাবি তুলে ধরবে শাহবাগের আন্দোলনকারীরা।    

কর্মসূচি ঘোষণার আগে বিকাল ৫টা ৩০ থেকে ৫টা ৩৩ মিনিট পর্যন্ত তিন মিনিট লাখো মানুষের অংশগ্রহণে হাতে হাত বেঁধে সম্প্রীতির বন্ধন রচনা করে তরুণ যুবারা।

আর সন্ধ্যা সাড়ে ৭টায় মঙ্গলপ্রদীপ ও মোমবাতি তুলে ধরে সব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জানায় সমবেত জনতা।

বর্ষবরণ উপলক্ষে সকাল ৬টায় গণজাগরণ মঞ্চ রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান এবং সকাল ৯টায় চারুকলা অনুষদে আয়োজনে মঙ্গল শোভাযাত্রায়ও অংশ নেয়।

সমাবেশে বক্তব্যে গণজাগরণ মঞ্চে উপস্থিত জনতাকে নববর্ষের শুভেচ্ছা জানান মঞ্চের মুখপাত্র ইমরান।

তিনি বলেন, “৫৬ হাজার বর্গমাইলের এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মানচিত্র। এবারের পহেলা বৈশাখ তীব্র দ্রোহের শাণিত ক্রোধে রুদ্ধ। এটি শুধুই উৎসব নয়, বরং পূর্বসূরিদের ত্যাগের অনন্য অনুপ্রেরণা।”

২০০১ সালে পহেলা বৈশাখে রমনা বটমূলে বোমা হামলায় নিহতদের শ্রদ্ধা জানানো হয়।

ইমরান বলেন, “ওই ঘটনার কোনো বিচার আজ পর্যন্ত হয়নি। জামায়াত-শিবিরের হিংস্র হায়েনারা নানাভাবে এ দেশের সাংস্কৃতিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে চেয়েছে। তাই আমাদের জোর দাবি অবিলম্বে জামায়াত-শিবিরকে এদেশের মাটিতে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে।”

কয়েকদিন আগে যুদ্ধাপরাধের অভিযুক্ত দল জামায়াতে ইসলামের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের হরতালের সময় চট্টগ্রামের ফটিকছড়িতে হরতালকারীদের হামলায় নিহতদের প্রতিও শ্রদ্ধা জানান ইমরান।

তিনি বলেন, “লাশের মিছিলে যে বৈশাখ তা তীব্র প্রতিরোধের, তা দীপ্ত শপথ নেয়ার বৈশাখ। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা না হওয়া পর্যন্ত এ দুর্বার আন্দোলন চলছে, চলবে।”

একই সঙ্গে ‘কথিত ধর্মানুভূতিতে আঘাত’ করার অভিযোগে আটক চার ব্লগারের মুক্তি দাবি করা হয়।

“তারা যদি সত্যিই কোনো অপরাধ করে থাকেন, তাহলে দেশের প্রচলিত আইনে তার বিচার হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অপরাধ রাষ্ট্র প্রমাণ করতে পারেনি। রাষ্ট্র কথনোই কারো চিন্তাকে রুদ্ধ করতে পারে না। আমরা অবিলম্বে ব্লগারদের মুক্তির জোর দাবি জানাচ্ছি।”

সমাবেশে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, “মনে রাখতে হবে গণজাগরণ মঞ্চ মুক্তি ও প্রতিরোধের জায়গা। ২০১৩ সালের এ নববর্ষ স্বাধীনতার পরাজিত শক্তিকে প্রতিরোধ করার স্পৃহাকে মহিমান্বিত করবে।”

শিক্ষাবিদ অজয় রায় বলেন, “মঞ্চে যে আওয়াজ উঠেছে তা প্রতিটি বাঙালির অন্তরের কথা। সারা বিশ্বে প্রচণ্ড শক্তিতে এ জাগরণ ছড়িয়ে পড়েছে। জামায়াত-শিবির এখানে অবস্থানকারীদের নাস্তিক বলে প্রচারণা চালাচ্ছে। এটা অপবাদ সবাই জানে।”

“তরুণদের আন্দোলন প্রমাণ করেছে, স্বাধীনতার সংগ্রাম বৃথা যায়নি। তরুণদের কাছে তাই হেফাজতে রইল বাংলাদেশ,” বলেন তিনি।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে গণজাগরণ আন্দোলনের সূচনা হয়। পরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে।

তবে জামায়াতবিরোধী এই আন্দোলনে ‘অনৈসলামিক’ কর্মকাণ্ড হচ্ছে দাবি করে কয়েকটি ইসলামী দল শাহবাগের আন্দোলনের বিরুদ্ধে কর্মসূচি দেয়, যার নেতৃত্বে রয়েছে চট্টগ্রামভিত্তিক হেফাজতে ইসলাম।

গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, ইসলামসহ কোনো ধর্মের অনুভূতির ওপর কোনো ধরনের আঘাত করা তাদের উদ্দেশ্য নয়। শুধু যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি রয়েছে তাদের।

যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতাকারী জামায়াত মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে গণজাগরণ মঞ্চের আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করছেন শাহবাগের তরুণরা।