নারী সাংবাদিকদের উপর হেফাজতের হামলার প্রতিবাদ
একুশে টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক নাদিয়া শারমীনসহ নারী সাংবাদিকদের উপর হেফাজত ইসলাম সমর্থকের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মহিলা পরিষদ।
শনিবার বিকালে রাজবাড়ী ও গাইবান্ধায় এ মানববন্ধনে হেফাজতের ১৩ দফা দাবিকে মধ্যযুগীয় আখ্যায়িত করে তীব্র সমালোচনা করা হয়।
রাজবাড়ী প্রতিনিধি জানান, বিকাল ৪টায় রাজবাড়ী মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে জেলা মহিলা পরিষদের ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে ঘাতক দালাল নির্মূল কমিটি, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ডা. সুনীল কুমার বিশ্বাস, বাবু মল্লিক, আজিজুল হাসান খোকা, সামসুন্নার চৌধুরী, ডা. পূর্ণিমা দত্ত, লাইলী নাহার, সাহিনা সুলতানা, স্বপন কুমার দাস, কামরুজ্জামান প্রমুখ।
বক্তারা নারী সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানান। এছাড়া হেফাজত ইসলামের ১৩ দফা প্রত্যাখান করেন।
গাইবান্ধা প্রতিনিধি জানান, হেফাজতে ইসলামের সমাবেশ থেকে নারী সাংবাদিককে মারধর এবং তাদের অযৌক্তিক মধ্যযুগীয় দাবির প্রতিবাদে মানববন্ধন করেছ বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা।
শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
এ সময় বক্তব্য দেন ওয়াজিউর রহমান রাফেল, জিয়াউল হক জনি, মির্জা হাসান, শিরিন আক্তার লিজা, আমাতুর নুর ছড়া, রিক্তু প্রসাদ, জয়া প্রসাদ, সাজেদা পারভীন রুনু, রোকেয়া খাতুন, নির্বালেন্দু বর্মণ ভাইয়া, প্রতিমা চক্রবর্ত্তী, অঞ্জলী দেবী প্রমুখ।
সাংবাদিক নাদিয়া শারমিনের উপর যারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তারা।
