ট্রাকচাপায় মা-ছেলেসহ নিহত ৩
মৌলভীবাজারে এক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন দুজন।
উপজেলার কুলাউড়া-জুড়ী সড়কের মানিকসিংহ এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতদের মধ্যে একজন সিএনজিচালিত অটোরিকশার চালক, বাকিরা অটোরিকশার যাত্রী।
একটি ট্রাকের সঙ্গে মূখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জুড়ী থানার ওসি মাহবুবুর রহমান।
নিহতরা হলেন- কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পুষাইনগর গ্রামের চিনু মিয়ার স্ত্রী মলাই বেগম (৪৫) ও তার ছেলে মুক্তা (১৪) এবং চালক বরমচাল ইউনিয়নের আব্দুল মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩৫)।
ওসি মাহবুব বলেন, আশঙ্কাজনক অবস্থায় চিনু মিয়ার আরেক ছেলে সজল মিয়া (২০) এবং নিকটাত্মীয় মতিন মিয়ার স্ত্রী রেনি বেগমকে (২০) কুলাউড়া উপজেলা স্বাস্থকেন্দ্রে ভর্তি করা হয়। পরে রাতে তাদের সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, অটোরিকশাটি কুলাউড়া থেকে বড়লেখা যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালবোঝাই একটি ট্রাক যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
ওসি জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
