২০ এপ্রিলের মধ্যে ত্বকী হত্যাকারীদের গ্রেপ্তার দাবি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী জেলার পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেছেন, ত্বকী হত্যাকারীদের গ্রেপ্তারে সরকার ও দলের শীর্ষ পর্যায় থেকে কোনো বাধা নেই।
ফাইল ছবি
শুক্রবার বিকালে শহরের কেন্দ্রস্থল দুই নম্বর রেলগেইট এলাকায় সৈয়দ আলী চেম্বারের সামনে মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত জনসমাবেশে আইভী এসব কথা বলেন।
সমাবেশে ২০ এপ্রিলের মধ্যে ত্বকী হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ত্বকীকে হত্যা করে নারায়ণগঞ্জের ‘গডফাদার’ একাত্তরের যুদ্ধাপরাধীদের মতোই অপরাধ করেছেন। সরকারের এখন পরীক্ষা দেয়ার সময় এসেছে।তারা ত্বকীর হত্যাকারী, সন্ত্রাসীদের পক্ষে থাকবেন, নাকি ত্বকী হত্যার বিচারের দাবিকারী সাধারণ মানুষের পক্ষে থাকবেন।
ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, নগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবলীগ সভাপতি আব্দুল কাদির, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, জেলা ন্যাপ সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নিহত নাট্যকার দিদারুল আলম চঞ্চলের মা খালেদা আক্তার রুবিনা, জেলা মহিলা পরিষদ নেত্রী রিনা আহম্মেদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস, নগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জ্বল, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুদ ইমরান মান্নু, খন্দকার নাসরিন ও শিল্পী অরূপ রাহী।
আইভী অভিযোগ করেন, নারায়ণগঞ্জের মানুষকে ভয় দেখিয়ে চাঁদা আদায়ের জন্য কিছু দিন পর পর মানুষ খুন করা হচ্ছে। ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য টানবাজারের ব্যবসায়ী ভুলু সাহাকে খুন করা হয়েছে।একইভাবে সংস্কৃতিকর্মীদের মাঝে আতঙ্ক ছড়াতে নাট্যকার চঞ্চলকে খুন করা হয়েছে।
তিনি এসব হত্যাকান্ডের জন্য শামীম ওসমানের পরিবারকে দায়ী করে বলেন, “পুলিশ সব জানা সত্ত্বেও কোন ব্যবস্থা নেয় না। শামীম ওসমানের সঙ্গে আমার কোন বিরোধ নেই। কিন্তু তারা নারায়ণগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি করে।”
সিটি মেয়র ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসন ও পুলিশের প্রতি আহ্বান হুঁশিয়ার করে দিয়ে বলেন, অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি অভিযোগ করেন, শহরের কলেজে নাসিম ওসমান এমপির ছেলে আজমেরী ওসমানের ‘টর্চার’ সেলে ত্বকীকে অপহরণের পর আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। পুলিশ শামীম ওসমানদের ‘টর্চার সেলগুলো’ এখনও বন্ধ করেনি। ত্বকী হত্যাকান্ডে যে ৮ থেকে ১১ জন জড়িত তাদের সবাইকে পুলিশ চিহ্নিত করলেও রহস্যজনক কারণে এখনও তাদের গ্রেপ্তার করছে না।
