জামায়াত নেতাকে ‘অপহরণের’ অভিযোগ, সড়ক অবরোধ
জয়পুরহাটে জেলা জামায়াতের সেক্রেটারিকে ‘অপহরণের’ অভিযোগ তুলে এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা। শনিবার জেলায় আধাবেলা হরতালও ডেকেছে দলটি।
শুক্রবার দুপুরে জামায়াত নেতা নজরুল ইসলামের সন্ধান দাবি করে জয়পুরহাট-বগুড়া মহাসড়ক অবরোধ করে দলটির নেতাকর্মীরা।
অবরোধ সরাতে গেলে জামায়াত-শিবিরকর্মীদের হামলায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামানসহ বেশ কয়েকজন আহত হন বলে পুলিশ জানিয়েছে।
জেলার পুলিশ সুপার হামিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজিবি, র্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক করে।
জামায়াত-শিবির কর্মীদের ইটপাটকেলের জবাবে বিজিবি ১১ রাউন্ড ও পুলিশ ১২ রাউন্ড গুলি ছোড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বৃহস্পতিবার মধ্যরাতে জামায়াত নেতা নজরুলকে ‘প্রশাসনের লোক’ পরিচয়ে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তার স্ত্রী সালমা সুলতানা।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ তা নেয়নি।
এ বিষয় ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ওই জামায়াত নেতাকে তুলে আনেনি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, শনিবারের এইচএইচসি পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে।
আগামী ১৪ এপ্রিলের মধ্যে ‘অপহৃত’ জামায়াত নেতাকে উদ্ধার বা আইনের হাতে সোপর্দ করা না হলে পরদিন থেকে জেলায় অনির্দিষ্ট কালের সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁমকি দেন জামায়াত নেতারা।
