টঙ্গীতে পুলিশ-পিকেটার সংঘর্ষ
গাজীপুরের টঙ্গীতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়া, হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
বুধবার সকালে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মালেকা বানু সাংবাদিকদের জানান, জাতীয়তাবাদী ছাত্রদল সকাল ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করার সময় পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় পিকেটাররা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং কয়েকটি বাস ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে বলে জানান এসআই মালেকা বানু।
পুলিশের লাঠিচার্জে ছাত্রদল কর্মী রুবেল, সুমন, স্বপন, আলী ও সাপ্তাহিক মহানগর বার্তার সাংবাদিক অমল ঘোষ আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এদিকে জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে মঙ্গলবার রাতে জেলা শহর ও বোর্ডবাজার এলাকা থেকে আব্দুস সামাদ (৪৫), সোহেল রানা (২০), জাহাঙ্গীর আলম (১৯) ও রাজুকে (২২) আটক করা হয়েছে।
এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নাওজোর এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। পরে পিকেটাররা বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করে।
হরতালের সমর্থনে মিছিল থেকে সদর উপজেলার নলজানি, বোর্ডবাজার, চান্দনা- চৌরাস্তা এলাকায় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন ওসি এস এম কামরুজ্জামান।
