তাপপ্রবাহ আরো কয়েকদিন বয়ে যেতে পারে
দেশের বিস্তীর্ণ অঞ্চলে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরো অন্তত চার দিন এমন আবহাওয়া বিরাজ করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চয়াডাঙ্গায় ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় সার্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, মাইজদীকোর্ট, শ্রীমঙ্গল, বরিশাল ও পটুয়খালী অঞ্চলসমূহে এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ বিষয়ে অধিদপ্তরে কর্তব্যরত আবহাওয়া পূর্ভাবাস কর্মকর্তা বলেন, বিরাজমান তাপদাহ অন্তত আগামী শনিবার পর্যন্ত চলতে পারে। এরপর বৃষ্টি হলে তা ধীরে ধীরে কমতে শুরু করবে।
অধিদপ্তরের বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত।স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এছাড়া চলতি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১-২ টি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) এবং অন্যত্র ২-৩ টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) এবং মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
