২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহউদ্দিনও গ্রেপ্তার

শীর্ষ পর্যায়ের আট নেতা কারাগারে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হলেন বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 04:09 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

সোমবার রাত সাড়ে ৯টার দিকে গুলশানের একটি বাড়ি থেকে তাকে পুলিশ সদস্যরা তুলে নিয়ে যায় বলে বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি জানিয়েছেন।

সালাহউদ্দিন একদিন আগেই বলেছিলেন, “আমি ছাড়া দলের শীর্ষ পর্যায়ের সব নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। কেউ বাইরে নেই।”

গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টা আগেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছিলেন তিনি।

বিএনপি নেতারা জানান, সংবাদ সম্মেলনের পর সালাহউদ্দিন গুলশানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের বাড়িতে যান। সেখান থেকে বের হওয়ার সময় সাদা পোশাকের পুলিশ সদস্যরা তাকে তুলে নিয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বিএনপি নেতা সালাহউদ্দিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে- জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বিরুদ্ধে গাড়ি ভাংচুর ও পোড়ানোর অভিযোগ রয়েছে।

সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলেননি তিনি।

বিএনপির যুগ্মমহাসচিবদের মধ্যে এখন শুধু ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বাইরে রয়েছেন।

Image
পুলিশের করা সাতটি মামলায় আত্মসমর্পণের পর রোববার কারাগারে পাঠানো হয় বিএনপির শীর্ষ পর্যায়ের আট নেতাকে।

পুলিশের করা সাতটি মামলায় আত্মসমর্পণের পর রোববার কারাগারে পাঠানো হয় বিএনপির শীর্ষ পর্যায়ের আট নেতাকে।

ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি যুগ্ম মহাসচিবদের মধ্যে কারাগারে রয়েছেন- আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, বরকতউল্লাহ বুলু ও মোহাম্মদ শাহজাহান।

সর্বশেষ সোমবার গ্রেপ্তার হলেন কক্সবাজারের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন।

অন্য নেতাদের অনুপস্থিতিতে গত কিছুদিন ধরে ফখরুলের সঙ্গে সংবাদ সম্মেলনে থাকতেন সাবেক আমলা সালাউদ্দিন। রোববার ফখরুল কারাগারে যাওয়ার পর দুটি সংবাদ সম্মেলন করেন তিনি।

হরতালের মামলায় রোববার আদালত ফখরুলের সঙ্গে কারাগারে পাঠায় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্মমহাসচিব বরকত উল্লাহ বুলু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে।

গত ১১ মার্চ দলীয় কার্যালয় থেকে আটক হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন যুগ্ম মহাসচিব আমান, রিজভী ও শাহজাহান এবং প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।

রোববার শীর্ষ নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গল ও বুধবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি।

ওই হরতালের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন বলেন, “সরকার রাজনীতিকে বিরোধী দলশূন্য করতে চায়।”

সরকার বিচার বিভাগকে দলীয়করণ করেছে বলেও অভিযোগ করেন তিনি।

কারাবন্দি নেতাদের সুচিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর দাবি জানিয়ে সোমবার সংবাদ সম্মেলন করেন তিনি।

এতে আটক নেতাদের মুক্তির দাবিতে হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বানও জানিয়েছিলেন তিনি।

সালাহউদ্দিন বলেছিলেন, দেশকে ‘বিরোধী দলশূন্য’ করার আকাশ-কুসুম স্বপ্ন দেখছে সরকার।

“যত বেশি গ্রেপ্তার ও হামলা হবে, আন্দোলনের মাত্রা তত বেশি তীব্র হবে,” সরকারকে হুঁশিয়ার করেছিলেন তিনি।

ওই হুঁশিয়ারি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে আটক করা হল বিএনপির এই নেতাকে।