২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম

হেফাজতে ইসলামের কর্মসূচি চলার সময় গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও তাদের গাড়ি ভাংচুরে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছেন চট্টগ্রামের সাংবাদিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 11:41 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

আগামী ১০ এপ্রিলের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা।

সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে স্থানীয় সাংবাদিকদের এক প্রতিবাদ-সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন সাংবাদিক নেতারা।

সমাবেশ থেকে হামলার নিন্দা জানিয়ে বলা হয়, চট্টগ্রামসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন।

সুনির্দিষ্ট কয়েকটি রাজনৈতিক দলের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলা ভবিষ্যতের জন্য ভাল ইঙ্গিত বহন করে না বলেও উল্লেখ করা হয়।

চট্টগ্রামে কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা বলেন, সংবাদকর্মীরা ব্যক্তিগত মতাদর্শের ঊর্ধ্বে উঠে পেশাগত দায়িত্ব পালন কেরে থাকেন। কিন্তু দুঃখজনক হলেও সম্প্রতি রিপোর্টার, ফটোগ্রাফার, ক্যামেরাম্যানসহ সংবাদকর্মীরা প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন।

সাংবাদিক নেতারা ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে প্রশাসনকে এবং দলগতভাবে ব্যবস্থা নেয়ার জন্য রাজনৈতিক দলের নেতাদেরকে সময় বেঁধে দেন।

একইসঙ্গে সমাবেশে ঢাকায় নারীসহ সকল সাংবাদিকের ওপর হামলার নিন্দা ও জড়িত হেফাজত কর্মীদের গ্রেপ্তার দাবি করা হয়।

অন্যান্যেরে মধ্যে বক্তব্য রাখেন দৈনিক পূর্বদেশ এর নির্বাহী সম্পাদক আবু সাঈদ জুবেরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এজাজ ইউসূফী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান হাসান ফেরদৌস, চ্যানেল আই এর ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ম. শামসুল ইসলাম, সাংবাদিক সুমি খান, প্রথম আলোর সিনিয়র রিপোর্টার হামিদ উল্লাহ, মানবকণ্ঠের ব্যুরোপ্রধান শহীদুল্লাহ শাহরিয়ার, সমকালের সহ-সম্পাদক বিশ্বজিত বণিক, বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার সাইদুল ইসলাম, এটিএন বাংলার শাহরিয়ার হোসেন ও যুগান্তরের রিপোর্টার প্রীতম দাশ প্রমুখ।

কথিত নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে ৫ এপ্রিল চট্টগ্রামে হেফাজতে ইসলামের লংমার্চের সংবাদ সংগ্রহের সময় বেসকরকারী টিভি স্টেশন একাত্তর টেলিভিশনের প্রতিবেদক ও ক্যামেরাম্যানসহ বেশ কয়েকজনকে লাঞ্ছিত করা হয়। এছাড়া হেফাজত কর্মীরা তাদের ক্যামেরা ও গাড়ি ভাংচুর করে।

শনিবার রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংগঠনটির কর্মীদের হামলার শিকার হন বেশ কয়েকজন সাংবাদিক।

এর মধ্যে সবচেয়ে বেশি আহত হন একুশে টেলিভিশনের প্রতিবেদক নাদিয়া শারমিন ও ইত্তেফাকের আলোকচিত্রী সুজন মণ্ডল।

নাদিয়ার মতোই পল্টন এলাকায় কার্যালয়ে যাওয়ার সময় ফিনান্সিয়াল এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার আরাফাত আরা হেফাজত কর্মীদের বাধার মুখে পড়েন।

ওইদিন চট্টগ্রামে হেফাজতকর্মীদের বাধার মুখে পড়েন সাংবাদিক সুমি খান।

এছাড়াও হেফাজতকর্মীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক ফয়জুল সিদ্দিকীকে মারধর করে।

তাদের হামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের দুই সাংবাদিকও আহত হন।