নারী নিয়ে হেফাজতের বক্তব্যে ক্ষোভ
মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামীর দাবি অনুযায়ী নারী-পুরুষের প্রকাশ্য বিচরণে বাধা দেয়া কর্মক্ষেত্রে স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে মনে করছেন কয়েকজন গবেষক, শিল্প উদ্যোক্তা ও শ্রমিক নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপকালে তারা এ বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডএস) জ্যেষ্ঠ গবেষক নাজনীন আহমেদ বলেন, “বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও আমরা রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে পেরেছি একমাত্র নারী কর্মীদের জন্য। এখন আমরা আবার পেছনে ফিরে যেতে পারি না।”
তার মতে, গায়ের জোরে পর্দাপ্রথা প্রচলন করা যাবে না। ধর্ম একান্তই ব্যক্তিগত ব্যাপার। কারো যেমন পর্দা করার অধিকার রয়েছে, আবার না করারও অধিকার রয়েছে।
নাজনীন বলেন, “সভ্যতার শুরু থেকেই নারীরা কর্মক্ষেত্রে জড়িত। আমাদের দেশেও তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু এসব দাবি-দাওয়া ও হামলা দেখে অবাকই হচ্ছি।”
‘প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ’ বন্ধে হেফাজতে ইসলামের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। শনিবার খবর সংগ্রহ করতে গিয়ে হেফাজত কর্মীদের হামলার শিকার হন কয়েকজন নারী সাংবাদিক।
হামলার প্রতিবাদে রোববার রাজধানীতে নারী সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশ করেছে। মঙ্গলবার সমাবেশ ডেকেছে সাংবাদিকদের দুটি শীর্ষ সংগঠনও।
নারী বিষয়ে হেফাজতের দাবি প্রসঙ্গে জানতে চাওয়া হলে বিআইডিএস এর গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, “এটা একটা হাস্যকর দাবি। বাংলাদেশের উন্নয়নের স্বার্থেই নারীদেরকে কর্ম ও শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণ করতে হবে। কেউ চাইলেই এটা ঠেকিয়ে রাখা যাবে না।”
এসব দাবি ও হামলার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তিনি।
শিক্ষাক্ষেত্রে গত কয়েকবছর ধরেই পুরুষের চেয়েও এগিয়ে রয়েছে নারীরা। গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হারেও এর প্রতিফলন ঘটেছে। ৭৮ দশমিক ৬৭ শতাংশ পাসের হারের মধ্যে ছাত্র ছিল ৭৮ দশমিক ২৩ শতাংশ এবং ছাত্রী ৭৯ দশমিক ০৯ শতাংশ। এছাড়া মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষা সমাপনীতে ছাত্র ও ছাত্রীর পাসের হার প্রায় সমান।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম বলেন, “ওরা (হেফাজতে ইসলাম) চাইলেই আমরা নারী কর্মীদের বাদ দিতে পারব না। কারণ ৮০ শতাংশ কর্মী নারী হওয়ায় প্রায় সব গুরুত্বপূর্ণ কাজগুলোই তারা করে।”
বিজিএমইএ সভাপতি বলেন, গরীব নারীরা তাদের উপার্জনের মাধ্যমে ‘পুরুষশাসিত’ অবস্থা থেকে স্বনির্ভরতা অর্জন করেছে।
সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, বর্তমানে দেশের মোট জনসংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১৫ জন। এর মধ্যে পুরুষ ৭ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ৫১৮ জন, নারী ৭ কোটি ৬১ লাখ ১৭ হাজার ৪৯৭ জন।
হেফাজতে ইসলাম বাংলাদেশকে ‘অন্ধকারাচ্ছন্ন্ মধ্যযুগের’ দিকে নিয়ে যেতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোরশেফা মিশু। হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশকে এগিয়ে নিতে হলে নারী ও পুরুষের সমন্বয় করে কাজ করতে হবে হবে বলে মনে করেন বাংলাদেশ সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা তালেবান না, গণতান্ত্রিক বাংলাদেশের নাগরিক। এখানে নারীকে অসম্মান বা অশ্রদ্ধা করা চলবে না।”
বাংলাদেশের ভোটার তালিকায় ৯ কোটি ২২ লাখেরও বেশি ভোটারের মধ্যে ৪ কোটি ৬৫ লাখ পুরুষ ও নারী ৪ কোটি ৬১ লাখ।
