সিলেটে হেফাজতের অবস্থান, চলছে পিকেটিংও
সিলেটে গাড়ি না পেয়ে আটকে পড়া হেফাজতের কর্মীরা নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান নিয়েছে। আর এক কিলোমিটারের মধ্যে চৌহাট্টা পয়েন্টে হরতালের সমর্থনে পিকেটিং করছেন সংস্কৃতিকর্মীরাও।
গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে হেফাজতকর্মীরা কোর্ট পয়েন্টে অবস্থান নিয়ে সমাবেশ করে। রাতে তারা সেখানেই ছিলেন।
হেফাজতে ইসলামের সিলেটের সমন্বয়ক মাওলানা মুহিবুল হক জানান, ঢাকায় শাপলা চত্বরের মহাসমাবেশ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। সমাবেশ থেকে আসা কর্মসুচি অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।
কোর্ট পয়েন্টে চলা সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার লংমার্চে বাধা দেবে না বললেও নানাভাবে কর্মসূচিকে ব্যাহত করতে চেষ্টা চালায়। হেফাজতকর্মীরা যাতে লংমার্চ করে মহাসমাবেশে অংশ নিতে না পারেন সেজন্য সরকার গাড়ি বন্ধ করে দিয়েছে।
তারা বলেন, যেখানে বাধা সেখানেই অবস্থান নিয়ে নেতাকর্মীরা লংমার্চের প্রতি সংহতি প্রকাশ করছেন।
এর আগে শুক্রবার বিকেল ৫টায় নগরীর ধোপাদীঘিপাড়ের ওসমানী শিশু পার্ক এলাকা থেকে হেটে লংমার্চ শুরু করেন হেফাজতকর্মীরা। পরে গাড়ি না পাওয়ায় হুমায়ুর রশিদ চত্বর এলাকায় গিয়ে কর্মসূচি প্রত্যাহার করে তারা নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় অবস্থান নেন।
হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিহতের জন্য ডাকা হরতাল শুক্রবার রাতের পর শনিবার সকালেও শুরু হয়েছে শান্তিপূর্ণভাবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কশিনার রেজাউল করিম জানান, হরতাল চলাকালে নগরীর কোথাও অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।
শনিবার সকাল নয়টা থেকে সংস্কৃতিকর্মীরা নগরীর চৌহাট্টা পয়েন্টে পিকেটিং করছে। এছাড়া শহীদ মিনার এলাকায় অবস্থান নিয়েছে হরতাল সমর্থকরা।
নগরীতে কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দোকানপাটও বন্ধ রয়েছে। সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস।
তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ।
নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। পাশাপাশি রয়েছে র্যাবের টহল।
