জেলায় জেলায় বাধার অভিযোগ হেফাজতের
ঢাকামুখী লংমার্চে যোগ দিতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের বিভিন্ন জেলার নেতাকর্মীরা।
হেফাজত নেতাদের অভিযোগ, শুক্রবার সকাল থেকে বিভিন্ন জেলায় নেতাকর্মীরা অপেক্ষা করেও বাসে উঠতে পারেননি। কেউ কেউ বাস বা অন্য কোন যানবাহনে চড়তে পারলেও ঢাকা আসার পথে বিভিন্ন স্থানে তল্লাশির নামে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন হেফাজতের নেতারা।
তবে পুলিশ জানিয়েছে, লং মার্চে যাতে কেউ নাশকতার চেষ্টা করতে না পারে তার জন্যই তল্লাশি চালানো হয়েছে। তবে ঢাকায় যেতে কাউকে বাধা দেয়া হচ্ছে না।
বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
নারায়ণগঞ্জ: হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলার আহবায়ক আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের উস্কানিতে বিভিন্ন স্থান থেকে লংমার্চে আসা মুসল্লীদের বাধা দেয়া হচ্ছে। তারা লংমার্চের জন্য কয়েক দফা গাড়ি ভাড়ার চেষ্টা করেও পাননি।
শুক্রবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু এলাকায়, সোনারগাঁও মোগড়াপাড়া, মদনপুর, কাঁচপুর, শিমরাইল, রূপগঞ্জের ভুলতা, কাঞ্চন সেতু, সুলতানা কামাল সেতু, ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোর্ডের শিবুমার্কেট ও সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় র্যাব ও পুলিশ।
দুপুর ১২টার দিকে কুমিল্লা থেকে তিনটি ট্রাকে লংমার্চে আসা মুসল্লীরা সাইনবোর্ড এলাকায় নামেন। তারা ওই এলাকার বেশ কয়েকটি মাদ্রাসায় অবস্থান নেন।
চট্টগ্রাম থেকে আসা যাত্রীবাহী বাসের চালক আবুল কাশেম, জব্বার আলী ও আহম্মেদ হোসেন জানান, রাত ১০টার দিকে তারা চট্টগ্রাম থেকে যাত্রা করলেও দুপুর ১২টায় তারা ঢাকায় পৌঁছান।
পথে ৭/৮টি স্থানে তাদের গাড়িতে র্যাব-পুলিশ তল্লাশি চালিয়েছ কয়েকজন যাত্রীকে নামিয়ে দেয় বলে অভিযোগ করেন তারা।
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় তল্লাশির দায়িত্বে থাকা পুলিশ লাইনের পরিদর্শক আবুল কালাম বলেন, গাড়িতে করে যাতে কেউ বোমা বা ধারালো অস্ত্র বহন করতে না পারে সেই লক্ষ্যে তল্লাশি চালানো হচ্ছে।
তবে কাউকে ঢাকায় যেতে বাধা দেয়া হচ্ছে না বলেও জানান তিনি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান বলেন, মুসল্লিদের ঢাকায় যেতে বাধা দেয়া হচ্ছে না। আশপাশের যেসব মাদ্রাসায় মুসল্লিরা অবস্থান করছে সেগুলোতে নজর রাখা হয়েছে।
এদিকে লংমার্চে বাধা এবং ২৪ ঘণ্টার হরতাল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধাঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেল তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কাঁচপুর ঘুরে শিমরাইল মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। তবে মিছিলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সিরাজগঞ্জ: লংমার্চে যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে যাত্রাপথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় গোলচত্বর ও সয়দাবাদ মোড়ে সকাল থেকে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাস থেকে মুসল্লিদের নামিয়ে দেয়ার অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতারা।
পরে হেফাজতের নেতাকর্মীরা সেতুর পশ্চিমপাড় সয়দাবাদ মোড়ে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং জুমার নামাজ পড়ে তারা সেখানে অবস্থান নেয়।
হেফাজতে ইসলাম সিরাজগঞ্জ জেলার আমির আব্দুল্লাহ অভিযোগ করেন, রাতে জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাদেরকে লংমার্চের বিষয় সহযোগিতার আশ্বাস দেন। এ জন্য তারা পাঁচটি গাড়ি ভাড়া করলেও সকালে জেলা প্রশাসকের নিষেধজ্ঞার কারণে বাসের চালকরা ঢাকায় যেতে রাজি হননি।
তবে বঙ্গবন্ধু সেতু থানার সেকেন্ড অফিসার মোতালেব হোসেন বলেন, সয়দাবাদ মোড়ে কাউকে বাস থেকে নামিয়ে দেয়া হয়নি। মুসল্লিরাই এখানে একজোট হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে।
গাইবান্ধা: গাইবান্ধায় একটি বাসসহ হেফাজতে ইসলামের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
জেলার পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম বলেন, গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের গাইবান্ধা জেলা কারাগারের সামনে থেকে বেলা ১১টার দিকে পুলিশ বাসসহ লংমার্চে যাওয়া ওই মুসল্লিদের আটক করে।
হেফাজতে ইসলামির নামে জামায়াতে ইসলামের ৩০ জন কর্মী ওই বাসে অবস্থান করছিল বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
দিনাজপুর: ঢাকায় সমাবেশে অংশ নিতে প্রায় দুইশ’ মুসল্লী ২টি বাসে করে শুক্রবার দিনাজপুর ত্যাগ করার চেষ্টা করলে পুলিশের বাধায় তারা যেতে পারেনি বলে অভিযোগ করেন। এর প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করে এবং কিছু সময়ের জন্য রাস্তায় অবস্থান নেয়।
কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালের কারণে রাস্তায় নিরাপত্তাহীনতার অশঙ্কায় মুসল্লিদের থামিয়ে দেয়া হয়।
