‘পুলিশ অভিযুক্তদের পক্ষে কাজ করছে’
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকান্ডের ঘটনায় পুলিশ অভিযুক্তদের পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অঅয়োজিত মানববন্ধনে শামীম ওসমানসহ অন্যদের গ্রেপ্তারের দাবি জানানো হয় । তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।
মানববন্ধনে ত্বকী হত্যাকান্ডের ২৮ দিনেও খুনীদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ত্বকীর বাবা রফিউর রাব্বি তার ছেলে হত্যাকান্ডের ঘটনায় শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ৭ জনের নাম উল্লেখ করে পুলিশ সুপারকে লিখিত অভিযোগ দিলেও পুলিশ আসামীদের গ্রেপ্তার করছে না। পুলিশ অভিযুক্তদের পক্ষে কাজ করার কারণে হত্যাকান্ডের রহস্য উন্মোচনে তাদেরকে গ্রেপ্তারে কোন তৎপরতা দেখাচ্ছে না বলে তারা অভিযোগ করেন ও অবিলম্বে ত্বকী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ত্বকী হত্যাকান্ডের ঘটনায় পুলিশ নিরপেক্ষ ও চাপমুক্ত হয়ে মামলার তদন্ত করছে। হত্যার রহস্য উন্মোচন ও খুনীদের গ্রেপ্তারে সর্ব্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ। হত্যার ঘটনায় বেশ কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে।
গত ৮ মার্চ নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদী সংলগ্ন খাল থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর মেধাবী ছাত্র ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের ডান চোঁখে ও গলায় আঘাতের চিহ্ন ছিল।
ওই ঘটনায় ওইদিন রাতেই রফিউর রাব্বি বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ত্বকি শহরের চাষাঢ়া এবিবি ইন্টারন্যাশনাল স্কুল থেকে এ বছর ‘এ’ লেভেল পরীক্ষা দেয়। দেশের সর্ব্বোচ্চ নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয় সে।
