বঙ্গবন্ধু সেতু থেকে ফিরে গেল হেফাজত সমর্থকরা
ঢাকা অভিমুখে লংমার্চ শুরু করলেও নিরাপত্তার আশঙ্কার কথা জানিয়ে বঙ্গবন্ধু সেতু থেকে ফিরে গেছেন হেফাজতে ইসলামের পাঁচ শতাধিক সমর্থক।
এ বিষয়ে হেফাজতের নেতা মাওলানা আমীর বলেন, “হরতাল ও নিরাপত্তার আশঙ্কায় আমরা আপাতত বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
হেফাজতে ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল্লাহ অভিযোগ করেন, সকালে ঢাকা অভিমুখে রওনা দিলে শুরু থেকেই প্রশাসনের নানা অসহযোগিতার কারণে মহাসড়কের পাশেই অবস্থান নিতে হয় তাদের।
সিরাজগঞ্জ সদর সার্কেল এসপি কাজী এহসানুল কবীর জানান, নাশকতার আশঙ্কায় যানবাহনে তল্লাশি চালানো হয়েছে। লংমার্চে বাধা দেয়ার উদ্দেশ্য পুলিশের ছিল না।
তিনি আরো বলেন, “বিকালে আমরা কয়েকটি বাস ও ট্রাক সরবরাহ করলেও তারা [হেফাজত সমর্থকরা] আর ঢাকার দিকে যাত্রা করেনি।”
‘নাস্তিক’ ব্লগারদের শাস্তির দাবিতে ঢাকা অভিমুখে লং মার্চ করে শনিবার মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।
এদিকে হেফাজতের কর্মসূচি প্রতিহতের ডাক দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে। বামপন্থী দলগুলো এ হরতালে সমর্থন দিয়েছে।
এছাড়া শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।
