২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতকে প্রতিহতের ডাক মামুনের

হেফাজতে ইসলামীকে প্রতিহত করতে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 12:24 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শুক্রবার বিকেলে প্রেস ক্লাবের সামনে হরতাল আহ্বানকারীদের সমাবেশে তিনি এ কথা বলেন।

মামুনুর রশীদ বলেন, “কাল আমাদের কোনোভাবেই নিরস্ত্র থাকলে চলবে না। কাল আমাদের সশস্ত্র অবস্থায় থাকতে হবে। লাঠিসোটা, যার কাছে যা কিছু আছে তা নিয়ে রাজপথে থাকতে হবে। আমরা হেফাজতের মঞ্চ দখল করবো।”

‘নাস্তিক’ ব্লগারকে শাস্তির দাবিতে হেফাজতে ইসলাম শনিবার চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচি দিয়েছে।

তাদের এই কর্মসূচির বিরুদ্ধে সেক্টর কমান্ডার্স ফোরামসহ ২৫টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে হরতাল ডেকেছে। বামদলগুলো এই হরতালে সমর্থন দিয়েছে।

এর আগে বিকেল ৫টার দিকে হরতালের সমর্থনে টিএসসি থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ঘাতক দালাল নির্মূল কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে হরতাল সমর্থকরা।

মামুনুর রশীদ বলেন, “হরতাল রাজনৈতিক দলের কাজ। এটা আসলে আমাদের কাজ না। ৮০  থেকে ৯০ সাল পর্যন্ত আমরা রাজপথে ছিলাম। রাজিনৈতিক কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি দিয়েছিলাম। ভেবেছিলাম গণতান্ত্রিক ব্যবস্থায় সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এই ৪২ বছরে কিছুই ঠিক হয়নি।”

বিরোধীদলের সমালোচনা করে তিনি বলেন, “সারা পৃথিবীতে বিরোধী দল গণমানুষের পক্ষে থাকে। কিন্তু এমন গণবিরোধী বিরোধীদল কখনো দেখিনি। স্বাধীন দেশে কীভাবে এমন গণবিরোধী বিরোধীদল থাকতে পারে! এই বিরোধীদল আজ ঘৃণিত ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে।”

হেফাজতে ইসলামের সঙ্গে আলোচনায় বসায় সরকারের সমালোচনাও করেন এই নাট্য ব্যক্তিত্ব।

তিনি বলেন, “সরকারসাথে তাদের সঙ্গে আলোচনায় বসছে। কেন সরকারকে তাদের সাথে বসতে হবে।”

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু মশাল মিছিল শুরুর আগে তার বক্তব্যে হরতালে  সহিংস কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে  বলেন, “কোনো গাড়িতে আঘাত করবেন না। কোনো ব্যক্তিকে আঘাত করবেন না। সকলকে আমাদের আহ্বান পৌঁছে দেবেন। যদি কোনো অন্তর্ঘাতমূলক কার্যক্রম ঘটে তাহলে নিশ্চিত হবেন ওটা জামায়াত এবং হেফাজতে ইসলামের কাজ। এমন কাউকে পেলে সঙ্গে সঙ্গে প্রতিহত করে পুলিশে সোপর্দ করবেন।”

তবে প্রয়োজনে সশস্ত্র প্রতিরোধেরও প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বাচ্চু বলেন, অস্ত্রের ব্যবহার আমরা ঘৃণা করি। তবে কখনো কখনো অস্ত্রের প্রয়োজন হয় দুষ্টুর দমনে। একইভাবে মানবমুক্তি ও শান্তি প্রতিষ্ঠার জন্য কখনো কখনো যুদ্ধও অনিবার্য হয়ে পড়ে।”