সিলেটে ইউপি সদস্য খুন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে খুনের পর তার লাশ সুটকেসে ভরে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
নিহত প্রফুল্ল নমঃ উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ছিলেন।তিনি দাঁড়িরপাড় গ্রামের কুটি নমঃ এর ছেলে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুল এলাকায় রাস্তার পাশ থেকে প্রফুল্লর লাশ উদ্ধার করে পুলিশ।
বিমানবন্দর থানার ওসি খায়রুল ফজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাত-পা কেটে লাশটি সুটকেসের ভেতর ঢুকানো হয়।এছাড়া মুখটি পুড়িয়ে দেয়া হয়েছে।
“পুলিশ ধারণা করছে, অন্য কোথাও খুন করে দুর্বৃত্তরা গাড়ি দিয়ে এনে লাশটি এখানে ফেলে যায়।”
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বুধবার সকাল ৯টায় সিলেটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন প্রফুল্ল।এরপর থেকে তার আর কোন খোঁজ পায়নি পরিবার।
শুক্রবার সকাল ৭টার দিকে ধোপাগুল এলাকায় রাস্তার পাশে একটি সুটকেস পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন সেটি খুলে লাশ দেখতে পায় এবং পুলিশে খবর দেয়।
