২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে হেফাজতের শোভাযাত্রা পণ্ড

লংমার্চের সমর্থনে ফেনীতে হেফাজতে ইসলামীর পূর্বঘোষিত মটর সাইকেল শোভযাত্রা পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 04:38 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

বৃহস্পতিবার শোভাযাত্রা শুরুর আগে পুলিশ ভোর থেকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক মোটর সাইকেল আটক করেছে বলে অভিযোগ করেন সংগঠনটির জেলা শাখার সেক্রেটারি মো. শিব্বির আহমদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেনী শহরের মহিপাল, লালপুল, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ডিসি অফিস সড়ক, পুলিশ লাইন, সদর হাসপাতাল মোড়, ট্রাংক রোডসহ ফেনী শহরের সব সড়কে পুলিশ অভিযান চালিয়ে তাদের মোটর সাইকেল গুলো আটক করে।

ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. সামছুল আলম সরকার শহরের বিভিন্ন স্থান থেকে মোটর সাইকেল আটক ও হেফাজতে ইসলামের মোটর শোভাযাত্রায় বাধা দেওয়ার কথা স্বীকার করেছেন।

এদিকে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ছোট্ট পরিসরে একটি মটর শোভাযাত্রা বের করে হেফাজতে ইসলামী।

দুপুর দুইটার দিকে শহরের জামেয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে শোভাযাত্রাটি বের হয়ে পুলিশ লাইনের সামনে এলে তা আটকে দেয় পুলিশ।

‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি দাবিতে ৬ মার্চ ঢাকার উদ্দেশ্যে লংমার্চের ঘোষণা দেয় চট্টগ্রামভিত্তিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলামী, যাদের বিরুদ্ধে জামায়াত ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।

এদিকে লংমার্চ প্রতিহতের লক্ষ্যে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর‌্যন্ত সারা দেশে হরতাল আহ্বান করেছে ঘাতক দালাল নির্মূল কমিটিসহ মুক্তিযুদ্ধের পক্ষের ২৭টি সংগঠন।

হেফাজতে ইসলামীর ফেনী জেলার সেক্রেটারি মো. শিব্বির আহমদ বলেন, শুক্রবার বিকাল চারটায় তারা ৪০টি বাস ও ২৫টি মাইক্রোবাসসহ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।