ময়নাতদন্তের জন্য কবর থেকে ইমার লাশ উত্তোলন
খাগড়াছড়িতে ‘রহস্যজনক’ মৃত্যুর এক সপ্তাহ পর কবর থেকে কলেজছাত্রীর লাশ তুলেছে পুলিশ।
আদালতের নির্দেশে বৃহস্পতিবার সদর উপজেলার বেলতলী গ্রাম থেকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের ছাত্রী ইমা ত্রিপুরার (১৮) লাশ তোলা হয়।
মেয়ের মৃত্যু নিয়ে সন্দেহ ঘনীভূত হলে ইমার বাবা প্রশান্ত ত্রিপুরা ৪ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে পুলিশ তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেনি।
গত বুধবার স্থানীয় একটি আদালত ইমার লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দেয় ।
বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শীষ মোহাম্মদ ও জেলার মুখ্য বিচারিক হাকিম ইফতেয়ারুল ইসলাম মল্লিকের উপস্থিতিতে মৃতদেহ উত্তোলন করে পুলিশ।
সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়নাতদন্তের পাশাপাশি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
